০স্টাফ রিপোর্টার
নড়াইলের পল্লীতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে প্রবাসির ভাই ও চাচিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে এলাকার সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জেলার কালিয়া থানার জামারিলডাঙ্গা গ্রামে। মারাত্মক আহত অবস্থায় দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুইজন হলেন প্রবাসির ভাই রিফায়েত (৪১) ও চাচি হাসিনা বেগম (৬৫)। এদের মধ্যে আহত রিফায়েত এর মাথায় ধারালো অস্ত্রের কোপ ও লোহার রড দিয়ে চাচির পা ভেঙ্গে দিয়েছে।
ভুক্তভোগি সিঙ্গাপুর প্রবাসি হাসিবুর রহমান জানান, তিনি আট বছর ধরে সিঙ্গাপুরে প্রবাসি জীবনযাপন করছেন। গত ২/৩ বছর ধরে তাদের গ্রামের মিঠুন মোল্লা, ডালিম মোল্লা, মহসীন মোল্লা, হাসান ফকির তাদের পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেয়ার কারনে গেল বছর তাদের দুইটি গরু ওই সন্ত্রাসীরা নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান গরু দুটো ফেরৎ এনে দেয়। দুই মাস আগে তিনি দেশে ফিরলে আবারো তারা চাঁদাদাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে ধারালো দেশি অস্ত্র ও লোহার রড, ধাবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় এসময় বাধা দিয়ে ভাই ও চাচিসহ ৪/৫জন আহত হয়। গুরুতর আহত ভাই রিফায়েত (৪১) ও চাচি হাসিনা বেগম (৬৫) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কালিয়া থানার ওসি শেখ রাসেল কবির কনি বলেন, জামারিলডাঙ্গা গ্রামে চাঁদাবাজির ঘটনা ঘটেছে কিনা জানা নেই। তবে মারামারি ঘটনা শুনেছি। দুইজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে একজন বয়স্ক মহিলা আছেন যার অবস্থা গুরুতর। মামলা হয়েছে কিনা প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।











































