০ কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, কেশবপুর শহরের মুন স্টার ইলেকট্রনিক্সের পরিচালক ও রান্না করা গ্যাস বিক্রেতা আব্দুস সালাম ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার এবং সংরক্ষণ আইন অনুসারে ১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। একইসাথে তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
অপরদিকে, শনিবার বিকেলে কেশবপুরে মাস্কবিহীন চলাফেরা করার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ ব্যক্তিকে ১ হাজার ২শ’ টাকা জরিমানা করেন। পৃথক ভ্রাম্যমাণ আদালতে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভূমি অফিসের পেশকার সন্তোষ কর্মকার।











































