Home আঞ্চলিক যশোর সদর উপজেলা চেয়ারম্যান নীরা আর নেই

যশোর সদর উপজেলা চেয়ারম্যান নীরা আর নেই

17

০ যশোর অফিস

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম নীরা (৫৪) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ভর্তির প্রায় ২০ মিনিট পরেই তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের ডা. কাজলকান্তি দাঁ বলেন, নূরজাহান ইসলাম নীরা মূলত শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট ছাড়াও ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও হার্টের রোগী ছিলেন।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, বেশকিছু দিন ধরে তিনি হার্টের সমস্যাজনিত রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার হার্টে রিং পরানো হয়।

শোক প্রকাশ করে তিনি বলেন, নূরজাহান ইসলাম নীরা ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আজকের এই অবস্থানে। তার অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

বেলা ১২টার দিকে তার মরদেহ যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার এশা বাদ যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার জানাজা শেষে খড়কি কবরস্থানে দাফন করা হবে বলে তার ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলাম হিরণ নিশ্চিত করেন। তিনি জানান, মা-বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।