Home আঞ্চলিক জবাবদিহীন ব্যর্থ সরকারের ‘অবাস্তবায়নযোগ্য বাজেট’ : খুলনা বিএনপি

জবাবদিহীন ব্যর্থ সরকারের ‘অবাস্তবায়নযোগ্য বাজেট’ : খুলনা বিএনপি

6

খবর বিজ্ঞপ্তি:

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, এটি অনির্বাচিত আমলানির্ভর জবাবদিহীন ব্যর্থ সরকারের দেয়া কথামালার ও অবস্তবায়নযোগ্য বাজেট। যে সরকারের স্বচ্ছতা নেই, দ্রব্যমল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনে ব্যর্থ, জনগনের স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ, চিকিৎসাখাতে সীমাহীন দূর্নীতি নিয়ন্ত্রনে ব্যর্থ ও  জনগনের ট্যাক্সের টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারে না; সেই সরকারের পক্ষে সঠিক বাজেট দেয়া মোটেই সম্ভব না। মোট বাজেটের ৩৫ দশমিক ৫৬ শতাংশ, অর্থাৎ এক তৃতীয়াংশের বেশিই হলো ঘাটতি। যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বিএনপি অতীতে এদেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বের করে আনার চেষ্টা করেছে আর আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বৈদেশিক নির্ভর করছে। অবৈধ সরকার ঋণনির্ভর ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট দিয়েছে। করোনা মহামারীর এই মহাসঙ্কট মোকাবিলা করতে যে ধরনের বাজেট প্রত্যাশা ছিলো, তার কোনো ছায়া খুঁজে পাওয়া যায় না। আগের মতোই উন্নয়ন বাজেটে অতিরিক্ত বরাদ্দ রেখে সামাজিক সুরক্ষার ব্যাপারে সরকারের অনীহা প্রকাশ পেয়েছে। করোনা মোকাবিলায় কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা নেই। উপরন্তু বেসরকারি চিকিৎসা খাতকে কর মওকুফসহ বিভিন্নভাবে প্রণোদনা দেয়া হয়েছে। এতে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্তদের চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ আরো সীমিত করা হয়েছে। সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি সচেতনভাবেই এড়িয়ে গেছে। বৃহস্পতিবার মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দেশীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার তাতে দেশের ব্যাংকিং খাতে তারল্য সঙ্কট দেখা দেবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি তো হবেই না বরং অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে। বিগত ১৩ বছর ধরে আওয়ামী লীগ সরকার দুর্নীতির যে মহোৎসব চালাচ্ছে, তা অব্যাহত রাখার সকল আয়োজন রয়েছে বাজেটে। কল্পনাপ্রসূত, মনগড়া ও অবাস্তব বাজেটে বিশাল ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণে যে ব্যবস্থার কথা বলা হয়েছে তা বাস্তবসম্মত নয়। অর্থমন্ত্রীর ধারণার বশবর্তী বাজেট এটি।  বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও সাধারন সম্পাদক, কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।