০ ময়ুখ বসু, কলকাতা
নরেন্দ্র মোদি সরকারকে ফের তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্যুইট করে এবারও প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেছেন রাহুল।
তিনি বলেছেন, ‘কেন্দ্রের মোদি সরকারের অব্যবস্থার ফসল হলো ‘ব্ল্যাক ফাঙ্গাস’। যে ব্ল্যাক ফাঙ্গাসের কারণে দেশের মানুষ আজ আতঙ্কিত। একদিকে করোনা অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাসের দাপটে দিশেহারা অবস্থা দেশের মানুষের।’
‘এটা অস্বীকার করার উপায় নেই যে, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কারণেই ব্ল্যাক ফাঙ্গাসের মতো এমন ভয়াবহ আতঙ্কের দিন আজ দেখতে হচ্ছে দেশবাসীকে। দেশের বিভিন্ন রাজ্যে আজ ছড়িয়ে পড়েছে ব্ল্যাক ফাঙ্গাস। ঘটছে মৃত্যুর ঘটনাও।’
এসময় রাহুল অভিযোগ করেন, ‘একমাত্র মোদি সরকারের অকর্মণ্যতার কারণে করোনার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের মতো সংক্রমণ ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে মহামারি সঙ্কটকালীন এই মুহূর্তে দেশবাসী এখন করোনার ভ্যাকসিন ও ওষুধের অভাবে ধুঁকছে।’
তিনি বলেন, ‘করোনার লাশ এখন নদীতে নদীতে ভাসছে। আর সেখানে দাঁড়িয়ে চোখে জল ফেলে সমবেদনা জানাচ্ছেন প্রধানমন্ত্রী। অথচ করোনা মোকাবিলার ক্ষেত্রে যুদ্ধকালীন তৎপরতার যথেষ্ট অভাব রয়েছে দেশে। হাসপাতালে এখনও বেড নেই, অক্সিজেন নেই, ওষুধ নেই। চারিদিকে হাহাকার উঠেছে, আর এই বিভীষিকাময় পরিস্থিতির মাঝেও কেন্দ্রের মোদি সরকার সবাইকে হাতে তালি ও বাসন বাজতে বলছে।’
রাহুল বলেন, ‘এবারেও আমাদের দেখতে হবে, করোনা ভ্যাকসিনের জন্য ভীড় করে দেশের গরীব ও সাধারণ মানুষ লাইনে দাঁড়াবেন। কিন্ত সবশেষে ভ্যাকসিন লাভ করবেন দেশের কতিপয় কিছু শিল্পপতি ও ব্যবসায়ী। ফলে করোনা নিয়ে সার্বিক পদক্ষেপ ও পরিষেবা ঠিক সময়ে কতোটা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে সেটাই সব থেকে বড়ো প্রশ্ন।’
একইসঙ্গে ট্যুইটে রহুল গান্ধী দেশের জিডিপি গ্রোথ নিয়েও আক্রমণ করেন। এই বিষয়ে তিনি বিশ্বের অন্যান্য কিছু দেশের সঙ্গে ভারতের পরিস্থিতি নিয়ে প্রামাণ্য কিছু নথিও তুলে ধরেন।










































