Home আঞ্চলিক প্রায় দুই দশক পর নির্মাণ হতে চলেছে কানাইদিয়া-কপিলমুনি ব্রিজ

প্রায় দুই দশক পর নির্মাণ হতে চলেছে কানাইদিয়া-কপিলমুনি ব্রিজ

11

কপিলমুনি ও তালা প্রতিনিধি

১৮ বছর বন্ধ থাকার পরে অবশেষে তালা উপজেলা সীমান্তবর্তী কানাইদিয়া-কপিলমুনি বেইলি ব্রিজ নির্মাণের কাজ নতুনভাবে করার উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি স্পেন সরকারের অনুদানে বেইলি ব্রিজ নির্মাণ করার জন্য ঢাকা থেকে আসা একটি পরিদর্শন করে এ কথা জানিয়েছে।

এ সময় তাদের সঙ্গে ছিলেন তালা উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তা ও জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। জানা যায়, শুরুতে ওই ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় দুই কোটি টাকা। পরে কাজের মানের প্রশ্নে তা বেড়ে দাঁড়ায় দুই কোটি ৩৬ লাখ টাকায়। নির্মাণের দায়িত্ব পায় এন হক এসোসিয়েট নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরু হয় ২০০০ সালের ১২ এপ্রিল। এরপর ২০০৩ সালের ১২ নভেম্বর পর্যন্ত আংশিক কাজ শেষ করে আইএফআইসি ব্যাংক খুলনা শাখা থেকে এক কোটি ৬৭ লাখ ৭২২ টাকা তুলে নিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন ঠিকাদার। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। খুলনা মহানগর হাকিম আদালতে মামলা করে খুলনা এলজিইডি। নানা জটিলতায় অনিশ্চিত হয়ে পড়ে সেতুটির নির্মাণ কাজ।

পরে ব্রিজটির বাকি কাজ শেষ করতে দায়িত্ব পায় ইসলাম গ্রুপ নামের অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা নির্মাণকাজ শুরু করে ২০০৪ সালে। তখন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতক্ষীরা কপোতাক্ষ নদের স্রোত বাধা পাবে মর্মে একটি চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠালে সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। নদের ওপর থেকে যায় ১৮টি পিলার।

তালার জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, বর্তমানে ব্রিজটির পাশে তৈরি বাঁশের সাঁকো দিয়ে মানুষ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা চলাচল করছে। ঘটছে ছোট-বড়ো দুর্ঘটনা। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলে অবশেষে গত ২৩ ফেব্রুয়ারি স্পেন সরকারের অনুদানের টাকায় বেইলি ব্রিজটি নির্মাণের জন্য ঢাকা থেকে একটি পরিদর্শন টিম তদন্তে আসে। তারা এটি পুনর্নিরমাণের আশ্বাস দেন।