তামিম-আমিনের সেঞ্চুরির পর ম্যাচ ড্র
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের বিপে একমাত্র টেস্ট শুরুর আগে জিম্বাবুয়ের প্রস্তুতি পর্বটা তেমন ভালো হলো না। বাংলাদেশের যুবাদের নিয়ে গড়া অনভিজ্ঞ বিসিবি একাদশই যে ভুগিয়ে ছেড়েছে সফরকারিদের। বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচটা হয়েছে ড্র। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। জবাবে বিসিবি একাদশ ৫ উইকেটে ২৮৮ রান তুললে ড্র মেনে নেয় দুই প।
ড্র এই ম্যাচে জিম্বাবুয়ের প্রাপ্তি সম্ভবত শুরুর দিকে বোলিংয়ে প্রতিপকে বিপদে ফেলা। মাত্র ৬৯ রানে ৫ উইকেট তুলে নিয়ে দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত করেছিল সফরকারি দল। কিন্তু দিনের খেলা যতই সামনে গড়িয়েছে, ততই পিছিয়ে পড়ে তারা। ম্যাচের দখল নিয়ে নেয় বিসিবি একাদশ। ষষ্ঠ উইকেট জুটিতে জিম্বাবুয়ের বোলারদের রীতিমত ঘাম ছুটিয়ে ছেড়েছেন বিসিবি একাদশের অধিনায়ক আল আমিন জুনিয়র এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। দুজন মিলে গড়েন ২১৯ রানের অবিচ্ছিন্ন জুটি। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন তামিম, এরপর তার দেখানো পথে হেঁটেছেন আল আমিনও। আক্রমণাত্মক ঢঙে ব্যাটিং শুরু করা তামিম হাফসেঞ্চুরিতে পৌঁছেছিলেন মাত্র ৪০ বলে, ২ চার ও ৫টি বিশাল ছক্কার মারে। ফিফটির পরেও ধরে রাখেন সাবলীল ব্যাটিং। সেঞ্চুরি করতে খেলেন মাত্র ৮৬ বল, ১০ বাউন্ডারি ও ৫ ছক্কার মারে পৌঁছে যান ব্যক্তিগত শতকে।
অথচ তামিমকে নামানো হয়েছিল সাত নম্বরে। কিন্তু তার সহজাত ব্যাটিং পজিশন ওপেনিং। নিজের চেনা ব্যাটিং পজিশনে না নেমেও স্বাভাবিক ব্যাটিংয়ের খানিক কৃতিত্ব আল আমিন জুনিয়রকেও দিতে পারেন তামিম। একপ্রান্ত আগলে রাখা ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১০০ রান তুলে অপরাজিত থাকেন আল আমিন। ১৪৫ বলের ইনিংসটি তিনি সাজান ১৬টি বাউন্ডারিতে।
ওয়ালটন জাতীয় রোকবলের উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার
ক্রীড়া প্রতিবেদক
‘ওয়ালটন এয়ার কন্ডিশনার জাতীয় রোকবল প্রতিযোগিতা-২০২০’ এর নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল বুধবার ফার্মগেটের ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়।
নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) ২-০ সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার রোকবল দল। আর পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসারেরই পুরুষ রোকবল দল। নারী, পুরুষ দুই বিভাগে টুর্নামেন্ট সেরার পুরস্কার বাগিয়ে নেন আনসারের খেলোয়াড়রা। পুরুষ বিভাগে রাজু আহমেদ ও নারীদের বিভাগে সেরা খেলোয়াড় হন সোহেলী আক্তার।
পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টিসহ মোট ১৪টি দল অংশ নিয়েছিল এবারের এই টুর্নামেন্টে। পুরুষ বিভাগে অংশ নেওয়া ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে ছিল বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল, ফিরোজ স্মৃতি সংসদ ও জগৎপুরা যমুনা কাব। আর ‘খ’ গ্রুপে ছিল বাংলাদেশ আনসার, খুলনা জেলা, ঢাকা কাব ও সাতীরা জেলা।
নারীদের ‘ক’ গ্রুপে ছিল বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি), বাংলাদেশ পুলিশ ও জামালপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা। ‘খ’ গ্রুপে ছিল বাংলাদেশ আনসার, খুলনা জেলা ও জে.বি স্পোর্টিং কাব।
খুলনা বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নির্বাচন ২৫ ফেব্রয়ারি
ক্রীড়া প্রতিবেদক
খুলনা বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নির্বাচন আগামী ২৫ ফেব্রয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার ভবনে ১৭জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
এ উপলক্ষে গত ১৭ফেব্রুয়ারি নির্বাচনী তফসীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খুলনা প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলি। ঘোষিত তফসীল অনুযায়ি ওই দিন বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরের দিন ছিল খসড়া ভোটার তালিকা আপত্তি ও শুনানি। গতকাল বুধবার ছিল মনোনয়ন পত্র বিলি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মনোনয়ন পত্র দাখিল। কাল শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে মনোনয়ন পত্র যাচাই-বাছাই। ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় মনোনয়ন পত্র প্রত্যাহার ও দুপুর ১২টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার ভবনে ভোট গ্রহণ।
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের নিয়ম ভঙ্গের দায়ে ঝিনাইদহ ফুটবল এসোসিয়েশন ও কর্মকর্তার ৩লাখ টাকা জরিমানা
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের নিয়ম ভঙ্গের দায়ে এসোসিয়েশন ও কর্মকর্তাকে ৩লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে’র ৫৫৪(১৮) স্বারকে বলা হয়েছে গত ১ফেব্রুয়ারি ও ৪ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা ফুটবল দল বনাম খুলনা জেলা ফুটবল দলের মধ্যেকার খেলার ম্যাচ কমিশনারের রিপোর্ট অনুযায়ি নিদ্দিষ্ট সময়ে ঝিনাইদহ জেলা ফুটবল দল মাঠে উপস্থিত ছিল না। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ উপলক্ষে প্রণীত বাইলজের ৮ধারা অনুযায়ি ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনকে ২লাখ টাকা ও ওই ঘটনা নিয়ে গণমাধ্যমে বিরূপ মন্তব্য করায় এসোসিয়েশনের কর্মকর্তা আহসানুজ্জামান ঝন্টুকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৮মার্চের মধ্যে জরিমানার অর্থ বাফুফে’র হিসাব শাখায় জমা দিতে বলা হয়েছে।
দ্বিতীয় বিভাগ ক্রিকেটে জয় পেয়েছে নিউ ইয়ং মুসলিম
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেটে জয় পেয়েছে নিউ ইয়ং মুসলিম স্পোটিং কাব। গতকাল বুধবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫৮ রানে হারিয়েছে ইয়ং এজ স্পোটিং কাবকে।
টসে হেরে ব্যাট করতে নেমে নিউ ইয়ং মুসলিম স্পোটিং কাব ৪৪.২ ওভারে মাত্র ২২৯ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করে আবু সুফিয়ান। ইয়ং এজ স্পোটিং কাবের হয়ে ২টি করে উইকেট নেন ইব্রাহিম খলিল, সাইদুর রহমান ও হাসিবুর রহমান।
বড় লক্ষে ব্যাট করতে নেমে ইয়ং এজ স্পোটিং কাব ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করতে সক্ষম হয়। ফলে ৫৮ রানে জয়লাভ করে ইয়ং মুসলিম স্পোটিং কাব। দলের ইব্রাহিম খলিল করেন ৪৮রান। প্রতিপরে হয়ে পরিতোষ একাই নেন ৩উইকেট।
বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেটের দু’টি ম্যাচ অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক
মুজিববর্য উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু টি-১০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় স্বাধীনতা বনাম ১৬ ই ডিসেম্বরের মুজিব দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় স্বাধীনতা মুজিব দল ৭ উইকেটে জয় লাভ করে। বিজয়ী দলের আজম ম্যান আফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। দিনের দ্বিতীয় খেলায় সংগ্রামী মুজিব বনাম কারাবন্দী মুজিব দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সংগ্রামী মুজিব দল ৭ উইকেটে কারাবন্দি মুজিব দলকে পরাজিত করে। বিজয়ী দলের মিলন ম্যান আফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
মাঠে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলি আকবার টিপু, মো. শাহজাদা, কাইয়ুম গোরা, শরিফ, এনামুল কবির, কাজী জাকির, বাদশা খান, জামাল উদ্দিন, গাউস উদ্দিন, কাজী কামাল, শিপার হায়দার, মামুনুর রশিদ, জাবিদ হাসান, আলীহোসেন, আংগুরা বেগম, পল্টু, রাজ, সাইদুর, বাপ্পী, রাব্বী, আলমগীর প্রমুখ।
উল্কা কাবের সদস্য খোকনের ইন্তেকাল : কাবের শোক
ক্রীড়া প্রতিবেদক
খুলনার ঐতিহ্যবাহি ক্রীড়া সংগঠন উল্কা কাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল খোকন ইন্তোকাল করেছেন (ইন্না…রাজিউন)। গতকাল বুধবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।
কাব সদস্য খোকনের মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কাবের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা হলেন সভাপতি সাবেক এমপি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক খালাসী, শেখ মো. আসলাম, শেখ মাসুম আক্তার, শেখ আবুল কালাম আজাদ, মো. আজম খান, শেখ আবু দাউদ, শেখ মো. আব্দুল্লাহ, শেখ মাহমুদুল হক, শেখ আরিফুজ্জামান আরিফ, আসিফ ইকবাল লিটন, মাবুবুর রহমান রতন, মনিরুজ্জামান মনির, শেখ মো. আলমগীর হোসেন, শেখ মো. জাহাঙ্গীর, শাহ আশরাফুল আলম, সরদার রবিউল ইসলাম রবি, অধ্যাপক মো. আবুল বাশার, শাহ আরিফুর রহমান সৈকত, জিয়াউর রহমান স্বাধীন, শেখ মো. আকরাম, শেখ মো. আশকার, মাহফুজুল হক, মাহবুবুল হক, শাহ আলমগীর হোসেন আনো প্রমুখ।
অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট দলের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপে সিরিজটিকেই মাশরাফির শেষ সিরিজ হিসেবে দেখছেন। কেন এটিকে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ দেখছেন সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন, ‘সামনের ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের দল গোছাতে হবে। একজন অধিনায়কও ঠিক করতে হবে। বিশ্বকাপের আগে অন্তত দুই বছর যেন ওই অধিনায়কের নেতৃত্বে টিমটা খেলতে পারে। সুতরাং খুব দ্রুত আমরা ওয়ানডেতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবো। সম্ভবত আগামী ৭-৮ তারিখে বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
করোনাভাইরাস আতঙ্কে বঙ্গবন্ধু ভলিবল স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
সারা বিশ্ব এখন করোনাভাইরাস আতঙ্কে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এরই মধ্যে বেশ কিছু প্রতিযোগিতা স্থগিত হয়েছে। বাংলাদেশেও এই আতঙ্কে ইসলামিক সলিডারিটি আর্চারি আপাতত হচ্ছে না। সর্বশেষ বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবলও স্থগিত হয়েছে। যা আগামী ২২ থেকে ২৮ মার্চ ঢাকায় হওয়ার কথা ছিল। এখন তা ৬ মাস পিছিয়ে দেওয়া হয়েছে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও ভুটানের অংশ নেওয়ার কথা ছিল প্রতিযোগিতায়। কিন্তু অংশগ্রহণকারী দলগুলোর আপত্তির কারণে তা হচ্ছে না। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা অংশগ্রহণকারী দেশসমুহের কাছ থেকে ইতিবাচক সাড়া পাইনি। শ্রীলঙ্কা তো চিঠি দিয়ে জানিয়েছে তারা আসতে পারবে না। অন্য দেশও মৌখিকভাবে অবহিত করেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিযোগিতাটি মার্চে নয়, সেপ্টেম্বরে হবে। স্পন্সরজনিত জটিলতাও আছে।’
ঝড়ো সেঞ্চুরি করে প্রয়াত কোচকে উৎসর্গ তামিমের
ক্রীড়া প্রতিবেদক
বিকেএসপিতে প্রথম সেশনে ৫উইকেট হারিয়ে বিপন্ন বিসিবি একাদশকে ম্যাচে ফেরায় তামিম-আল আমিনের অবিচ্ছিন্ন ২১৯ রানের জুটি। যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক আল আমিন হোসেনের সেঞ্চুরিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়। তামিম ১২৫ ও আল-আমিন ১০০ রানে অপরাজিত থাকেন।
গতকাল বুধবার সকালে ব্যাটিংয়ে নেমে একসময় ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে বিসিবি একাদশ। মূল একাদশে না থাকা তামিম ব্যাটিংয়ের সুযোগ পেয়েই সেঞ্চুরিতে রাঙালেন দুইদিনের প্রস্তুতি ম্যাচটি। বাঁহাতি তামিম সেঞ্চুরি করেছেন ৮৭ বলে। ৫টি ছয় ও ১৪টি চারে ইনিংস সাজিয়ে ১২৫ রানে অপরাজিত থাকেন তামিম। পরে আল-আমিন তিন অঙ্ক ছোঁয়া মাত্রই নির্ধারিত সময়ের আগেই ম্যাচটির ইতি টানের দুই আম্পায়ার। ম্যাচ শেষে দুই সেঞ্চুরিয়ান মুখোমুখি হন সংবাদমাধ্যমের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা তানজিদ তার জেলা কোচকে এই সেঞ্চুরি উৎসর্গ করেছেন, ‘আমাদের জেলার (বগুড়া) কোচ মোসলেম উদ্দিন স্যার কিছুদিন আগে মারা গেছেন। এই সেঞ্চুরিটা ওনাকে উৎসর্গ করতে চাই।’
রেকর্ড বয় হালান্ডে ধরাশায়ী পিএসজি
ক্রীড়া প্রতিবেদক
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ। ম্যাচটির গুরুত্ব আলাদা করে বোঝানোর প্রয়োজন হয় না। তাইতো প্যারিস সেইন্ট জার্মেইর কোচ থমাস টাসেল একাদশে সুযোগ দিয়েছিলেন নেইমার দ্য সিলভাকে। যিনি সবশেষ চলতি মাসের শুরুতে খেলেছিলেন পিএসজির হয়ে।
ফিরেই অবশ্য গোল পেয়েছেন তিনি। কিন্তু নেইমারের ফেরার মঞ্চে নায়ক হয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার এর্লিং হালান্ড। তার রেকর্ড গড়া দুই গোলে পিএসজি ধরাশায়ী হয়েছে ২-১ ব্যবধানে। ফিরতি লেগ অবশ্য পিএসজির মাঠে। এখন দেখার বিষয় ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারে কিনা তারা। হালান্ড এর আগে এফসি সলসবার্গের হয়ে গ্রুপ পর্বে ৮গোল করেছিলেন। এরপর যোগ দেন বরুসিয়ায়। মঙ্গলবার দিবাগত রাতে জার্মানির কাবটির হয়ে জোড়া গোল করলে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা দাঁড়ায় ১০ এ। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০ গোল করার কৃতিত্ব দেখান ১৯ বছর বয়সী এই ফুটবলার। তার আগে পিএসজির কালিয়ান এমবাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১০ গোল করার রেকর্ড গড়েছিলেন। শুধু তাই নয়, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এক মৌসুমে দুটি কাবের হয়ে গোল করার রেকর্ডও গড়েছেন হালান্ড। আর তার এমন রেকর্ড গড়ার রাতে দারুণ জয় পেয়েছে ডর্টমুন্ড।
লিভারপুলকে মাটিতে নামাল অ্যাটলেটিকো
ক্রীড়া প্রতিবেদক
উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচ থেকে রেকর্ড ৭৬ পয়েন্ট সংগ্রহ করে ৩০ বছর পর শিরোপা জয়ের দ্বারপ্রান্তে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে আছে ২৫ পয়েন্টে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে টানা ১৭ ম্যাচ ধরে অপরাজিত অলরেডরা। গেল মৌসুমসহ টানা ২৬ ম্যাচ ধরে অপরাজিত।
সবকিছু মিলিয়ে সাম্প্রতিক সময়ে এক প্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে লিভারপুল। তাদের কাছে অ্যাটলেটিকো মাদ্রিদের স্রেফ উড়ে যাওয়ার কথা। কিন্তু হল তার উল্টোটা। উড়তে থাকা লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হারিয়ে দিয়েছে স্প্যানিশ লা লিগার কাব অ্যাটলেটিকো মাদ্রিদ। আগামী ১১ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে স্প্যানিশ কাবটিকে আতিথ্য দিবে লিভারপুল। আরো একবার ‘কামব্যাক’ করার নজির স্থাপন করতে হবে জার্গেন কপের শিষ্যদের।









































