বিশেষ প্রতিনিধি::
এ যেন সিনেমার থ্রিলার গল্পকেও হার মানায়। এই থ্রিলারের পুরোটা জুড়েই আছেন একজন সংসদ সদস্য। এখন তার পরিচিতি কেবলই ভিলেন হিসেবে। তার বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার ও শ্রমিক শোষণের অভিযোগে শিউরে উঠছে অনেকেই। তার কুকর্ম দেশের সীমানা ছাড়িয়ে বিস্তার লাভ করেছে বিদেশের মাটিতেও। তবে সিনেমার শেষ সময়ে যেমন সব অপরাধীর সাজা হয় তেমনি সাজার আওতায় এসেছেন এই মাফিয়াও। তবে দেশে নয়, কারাদন্ডে দন্ডিত হয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। তিনি আর কেউ নন লক্ষ্মীপুর-২ (রায়পুর-লক্ষ্মীপুর সদরের আংশিক) বর্তমান সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম ওরফে পাপুল। বিদেশের মাটিতে বাংলাদেশি কোনো জনপ্রতিনিধির এরকম সাজা এই প্রথম, যা দেশকে লজ্জায় ডুবিয়েছে বলে মনে করছেন কুটনীতিকরা। তবে তার সংসদ সদস্যপদ আর বহাল থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ৬ জুন কুয়েত সিটির মুশরিফ এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপর থেকেই লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পাপুল ও তার পরিবারের কুকীর্তি একের পর গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে। অভিযোগ পাওয়া যায়, একটি কমার্শিয়াল লাইসেন্সের মাধ্যমে তিনি কুয়েতের যেকোনো ব্যবসা করতে পারেন। ‘জেনারেল ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং’ লাইসেন্স নামে পরিচিত ওই বাণিজ্যিক লাইসেন্সের মাধ্যমে তার কুয়েতে প্রায় সব ধরনের শিল্পে ব্যবসা করার অনুমতি আছে। ওই লাইসেন্সের মাধ্যমে কেবল সরকারি ক্লিনিং কন্ট্রাক্ট না বরং নির্মাণ ও বৈদ্যুতিক খাত থেকে শুরু করে কৃষি এমনকি কার রেন্টাল পর্যন্ত অনেক সরকারি চুক্তির অনুমতি আছে। এই লাইসেন্সের মাধ্যমেই এমপি পাপুল বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যকার ব্যবসায়িক চুক্তির আড়ালে কোনো আইনি বাধা ছাড়াই অবৈধভাবে শ্রমিক পাচার করতেন। পাপুল ক্লিনিংয়ের পাশাপাশি স্বর্ণ ও কার্পেট ব্যবসাতেও নাম লিখিয়েছিলেন। অন্যান্য ব্যবসায়িক লেনদেনের তুলনায় স্বর্ণ ব্যবসার উচ্চমূল্যের কারণে কোনো ধরনের সন্দেহজনক অবস্থান ছাড়াই অবৈধ কার্যক্রম চালাতে পেরেছিলেন তিনি।
সম্প্রতি কুয়েতে চাকরি ও উন্নত জীবনযাপনের সম্ভাবনা দেখিয়ে অবৈধ পারমিট ব্যবসা করতে গিয়ে অনেকেই ধরা পড়েছেন। তাদের মধ্যে পাপুল একজন। সাধারণত ক্লিনিং কোম্পানিগুলোর অবৈধ পারমিট ব্যবসায় জড়িত থাকার নজির থাকলেও বাংলদেশি এমপি পাপুল বিভিন্ন কোম্পানিতে অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগ দিয়েছেন। কুয়েতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, ৫০ মিলিয়নেরও বেশি কুয়েতি দিনারের বিনিময়ে প্রায় ২০ হাজার বাংলাদেশি শ্রমিককে কুয়েতে নিয়ে যান তিনি।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, পাপুল তার কোম্পানি যাতে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ পায় সে জন্য দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘুষ হিসেবে ৫টি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। শুধু তাই নয়, দেশটির গোয়েন্দা সংস্থা বলেছে, ২০ হাজার বাংলাদেশিকে কুয়েতে পাচার করে ওই চক্রটি ১ হাজার ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতেই গত ২৮ জানুয়ারি তাকে ৪ বছরের কারাদন্ডে দন্ডিত করেছে কুয়েতের আদালত। তার সহযোগী হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জাররাহসহ কুয়েতি দুই কর্মকর্তাকেও একই সাজা দেওয়া হয়। এরপর পরই প্রশ্ন উঠে বিদেশের মাটিতে সাজাপ্রাপ্ত এই সংসদ সদস্য কি তা হলে স্বপদে বহাল থাকবেন? এর উত্তর দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গনমাধ্যমকে তিনি বলেন, তিনি অন্য একটি দেশে সাজাপ্রাপ্ত হয়েছেন। তাই এখনই আমরা কোনো আইনি পদক্ষেপ নিতে পারছি না। কুয়েতের কাছে তার বিরুদ্ধে অভিযোগের কাগজপত্র চাওয়া হয়েছে। তার দন্ডিত হওয়ার আদেশের কাগজও চেয়েছি আমরা। এ সবকিছু হাতে পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে সব বিবেচনায় তার সংসদ সদস্য পদ না থাকারই কথা বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর ৩৮ কোটি ২২ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল, তার ব্যক্তিগত কর্মচারী, মেয়ে ও শ্যালিকাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার এজাহারে ছয়জন ছাড়াও দুই প্রতিষ্ঠানের কথাও উল্লেখ করা হয়। প্রতিষ্ঠান দুটির মালিক পাপুলের ভাই এবং শ্যালিকা। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে এই অর্থ পাচার করা হয়। সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের (ফিন্যান্সিয়াল ক্রাইম) সহকারী পুলিশ সুপার আল আমিন হোসেন বাদী হয়ে পল্টন থানায় এ মামলা করেন। মামলায় এমপি পাপুল ছাড়া অন্য আসামিরা হলেন পাপুলের ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান ওরফে মনির (৩৫), পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান (২৩), মেয়ে ওয়াফা ইসলাম (২৬), ভাই কাজী বদরুল আলম ওরফে লিটন, টাকা লেনদেনকারী প্রতিষ্ঠান ‘জব ব্যাংক ইন্টারন্যাশনালের’ ম্যানেজার গোলাম মোস্তফা (৫৬), জেসমিন প্রধানের প্রতিষ্ঠান জে. ডব্লিউ লীলাবালী এবং কাজী বদরুল আলম লিটনের প্রতিষ্ঠান ‘জব ব্যাংক ইন্টারন্যাশনাল’। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৫-৬ জনকে।
পাপুলের সাজার ঘটনা পুরো জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। গনমাধ্যমকে তিনি বলেন, যেহেতু কুয়েত পাপুলের গুরুতর অপরাধের প্রথম ধাপ হিসেবে একটা সাজা দিয়েছে তাই এখন বাংলাদেশের উচিত হবে যত দ্রুত সম্ভব তার বিরুদ্ধে কাগজপত্র সংগ্রহ করা। যেহেতু সে মানবপাচার এবং অর্থ পাচারের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত যা আমাদের দেশের আইনে অত্যন্ত ঘৃণ্য অপরাধ। তাই আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে পাপুলের সংসদ সদস্যপদ সাংবিধানিক নিয়মানুযায়ী থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি।











































