Home আঞ্চলিক জাপা নেতা আবুল কাশেম হত্যার ৬ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা : স্বাক্ষ্য...

জাপা নেতা আবুল কাশেম হত্যার ৬ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা : স্বাক্ষ্য গ্রহন ৩ মার্চ

10


স্টাফ রিপোর্টার


খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, খুলনা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি শেখ আবুল কাশেম হত্যা মামলার ৬ আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত।
গতকাল মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ প্রদান করেছেন। আসামিরা হলেন তরিকুল হুদা টপি, ওসিকুর রহমান, মুশফিকুর রহমান, মফিজুর রহমান, মিল্টন ও তারেক। অপর আসামি আব্দুল গফফার বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন।


আদালতের উচ্চমান বেঞ্চসহকারী মো. ছায়েদুল হক শাহিন নথীর বরাত দিয়ে জানান, মঙ্গলবার ছিল জাপা নেতা শেখ আবুল কাশেম হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণের দিন। স্বাক্ষী ম্যাজিস্ট্রেট সগীর আহমেদ চোখে অপারেশন হওয়ায় তিনি স্বাক্ষ্য দিতে আসতে পারেননি। এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ। আসামি আব্দুল গফ্ফার বিশ্বাস ছাড়া অন্যান্য আসামীরা অনুপস্থিত ছিল।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল দুপুরে খুলনা সদর থানার অদূরে স্যার ইকবাল রোডে বেসিক ব্যাংকের সামনে চিহ্নিত সন্ত্রাসীদের গুলিতে শেখ আবুল কাশেম ও তার ড্রাইভার মিকাইল মারা যান। খুলনা থানায় মামলা দায়ের হলেও পরে মামলাটি তদন্তর দায়িত্ব পড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর। তারা দীর্ঘ তদন্ত করে ১৯৯৬ সালের ৫ মে ১০ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এতে আসামি করা হয়, কাজী আমিনুল হক,

সৈয়দ মনিরুল ইসলাম মনির (মৃত), তরিকুল হুদা টপি, আব্দুল গফফার বিশ্বাস, ইকতিয়ার উদ্দিন বাবলু (নিহত), ওসিকুর রহমান, মুশফিকুর রহমান, মফিজুর রহমান, মিল্টন ও তারেক।


মামলার এক আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে ২০১৪ সাল থেকে আলোচিত হত্যা মামলাটির বিচার কার্যক্রম স্থগিত ছিল। সেখান থেকে ওই স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠি গত ৩ জানুয়ারি খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে আসে।