Home জাতীয় আজি বসন্ত জাগ্রত দ্বারে

আজি বসন্ত জাগ্রত দ্বারে

54

স্টাফ রিপোর্টার

বুকের ভেতরে, টের পাচ্ছেন নিশ্চয়ই, অদ্ভুত একটা শিহরণ! একটা দারুণ তৃষ্ণা। মন কেমন যেন আকুলিবিকুলি করছে। চিত্তচঞ্চল। হঠাৎ ভেঙেচুরে যাচ্ছে সব। পুরনো হাহাকার নতুন করে ভেতরে বাজছে। বাজছে কি? হঠাৎ এতসব পরিবর্তনের একটিই কারণ ফাগুন হাওয়া বইছে। আজি দখিন-দুয়ার খোলা-/এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো…। এসেছে বসন্ত। আজ ১ ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ। শুক্রবার। বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রতিবারের মতো এবারও প্রিয় ঋতুকে বর্ণিল উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেবে বাঙালী। দেশজুড়ে হবে বাঙালীর অন্যতম বৃহৎ অসাম্প্রদায়িক উৎসব।

বাংলা বর্ষপঞ্জির হিসেবে ঋতু পরিবর্তন আসায় এবার একদিন পর সূচনা হলো ফাগুনের। এখন থেকে এভাবেই চলবে। গত বছর পর্যন্ত ১ ফাল্গুন এবং ১৩ ফেব্রুয়ারি ছিল অভিন্ন দিন। এবার থেকে খ্রিস্ট্রীয় বছরের ১৪ ফেব্রুয়ারি অভিষেক ঘটবে ফাগুনের। সে হিসাবেই আজ উদ্যাপিত হবে বসন্ত উৎসব।

কবিগুরুর ভাষায় : বসন্ত, দাও আনি,/ফুল জাগাবার বাণীÑ/ তোমার আশায় পাতায় পাতায় চলিতেছে কানাকানি…। শেষ হলো কানাকানি। প্রেমের কবি নজরুল তাই ঘোষণা করছেন, এলো খুনমাখা তূণ নিয়ে/ খুনেরা ফাগুন…। ভাটিবাংলার প্রেমিক পুরুষ বাউল শাহ আব্দুল করিমও গাইলেন : বসন্ত বাতাসে সই গো/ বসন্ত বাতাসে/বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে…।

প্রতিবারের মতোই এবারও রাঙিয়ে দিতে এসেছে ফাগুন। শূন্য হৃদয় ভরিয়ে দিতে এসেছে। মনের গহীন কোণে অতি সূক্ষ্ম যে পুলক, সে তো কেবল বসন্তই জাগাতে পারে! এই বসন্ত কুসুম কোমল প্রেমের। কাছে আসার। প্রিয়জনের স্পর্শ নিয়ে বাঁচার সুখ বসন্ত।

ষড়ঋতুর বাংলাদেশে প্রতি দুই মাস অন্তর রূপ পরিবর্তন করে। শুরু হয় গ্রীষ্ম দিয়ে। শেষ বসন্ত দিয়ে। ভীষণ প্রিয় ঋতু এই বসন্ত। এখন বনে যেমন, মনেও এর আশ্চর্য দোলা। এরই মাঝে রূপ লাবণ্যে জেগে উঠেছে প্রকৃতি। বৃক্ষের নবীন পাতায় আলোর নাচন। ফুলে ফুলে বাগান ভরে উঠেছে। চোখ খুললেই গোলাপ-জবা-পারুল-পলাশ। পারিজাতের হাসি। মৌমাছিদের গুঞ্জন। কোকিলের কুহুতান। সব, সবই বসন্তকে আবাহন করার। জানিয়ে দেয়, ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।’ প্রিয় ঋতুকে বরণ করে নিতে আজ সারাদেশেই বসন্ত উৎসবের আয়োজন করা হবে।