Home আঞ্চলিক চাকরি দেওয়ার কথায় ডেকে এনে আটকে রেখে টাকা ছিনতাই ॥ প্রতারক আটক

চাকরি দেওয়ার কথায় ডেকে এনে আটকে রেখে টাকা ছিনতাই ॥ প্রতারক আটক

11

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে চাকরি দেওয়ার নামে এক যুবককে মারধর করে টাকা নেওয়ার অভিযোগে সাগর হোসেন (৩২) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে উপজেলার বলাকান্দর এলাকা থেকে আটক করা হয়। আটক সাগর হোসেন উপজেলার আড়–য়াশলুয়া এলাকার দলিল উদ্দিনের ছেলে।

৪নং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর জানান, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে যশোরের চৌগাছা উপজেলার পুড়োপাড়া এলাকার সোহান হোসেন নামে এক যুবককে চাকরি দেওয়ার নাম করে ডেকে আনে সাগর। এরপর বলাকান্দর এলাকার একটি খালপাড়ের বনজঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মারধর করে। সেখান থেকে তার কাছে থাকা ১২ হাজার টাকা নিয়ে নেয় সাগর। এতেও রক্ষা পায়নি সে। সোহানের মায়ের কাছে ফোন দিয়ে বিকাশে আরও ১৫ হাজার টাকা নেয়। সোহান তার বন্ধুদের কাছে চুরি করে ফোন দিয়ে ঘটনাটি জানালে, তার বন্ধুরা গুগল ম্যাপের মাধ্যমে স্থান শনাক্ত করে ঘটনাস্থলে উপস্থিত হয়। সোহানের বন্ধুদের দেখে সাগর পাশের খালের পানির মধ্যে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এরপর গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সোহান হোসেন জানায়, সে আমাকে চাকরির দেয়ার কথা বলে ডেকে আনে। লোকশুন্য এক খালপাড়ে নিয়ে টাকা চায়। আমি বলি টাকা দিতে ১/২ দিন সময় লাগবে। শুরুতেই কাছে থাকা ১২ হাজার টাকা দিই। কিন্ত সে আমাকে অপহরনের মত আচরন করে আরও টাকা আনতে বলে। না দিলে মেরে ফেলার হুমকি দিয়ে মারপিট শুরু করে। বাধ্য হয়ে বাড়িতে ফোন করি। বাড়ি থেকে বিকাশে ১৫ হাজার টাকা পাঠায়। এতেও সে আমাকে মুক্তি দেয়নি। এরপরও সে আরও ২০ হাজার টাকা দাবি করে। তারপর আমি আমার বন্ধুদের আবার ফোন করে জানায় বিষয়টি জানাই। বন্ধুরা ফোন ট্রাকিং করে আমাকে উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মুহা মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় সাগর হোসেন নামের এক প্রতারককে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।