Home আঞ্চলিক আগাম বোরো চাষে ব্যস্ত কৃষক

আগাম বোরো চাষে ব্যস্ত কৃষক

11

মণিরামপুরে (যশোর) প্রতিনিধি :

বোরো চাষের ধুম পড়তে এখনো সময় লাগবে ১০-১৫ দিন। এরইমধ্যে শীত উপেক্ষা করে আগাম বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছেন যশোরের মণিরামপুরের কৃষক। জমি প্রস্তুত করে গত দুই-তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দুই একজন কৃষককে বোরোর চারা রোপন করতে দেখা গেছে। অনুকুল পরিবেশ থাকলে এবার মণিরামপুরে রেকর্ড পরিমান বোরো চাষ হবে।


মঙ্গলবার (২২ ডিসেম্বর) উপজেলার হোড়লাডাঙা এলাকায় মাসুম বিল্লাহ নামে এক কৃষককে বোরোর চারা রোপন করতে দেখা গেছে।
মাসুম বিল্লাহ বলেন, এবার চার বিঘা জমিতে বোরো চাষের সিদ্ধান্ত নিয়েছি। দুই বিঘা জমি প্রস্তুত করে আজই প্রথম ব্রি-২৮ ধানের চারা রোপন শুরু করেছি।
উপজেলা কৃষি অফিস বলছেন, চলতি মাসের শেষের দিকে বোরো চাষ পুরোদমে শুরু হবে। সবেমাত্র হোগলাডাঙা, শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নের কিছু কৃষক ধান লাগানো শুরু করেছেন।


তীব্র শীত ও কয়েকদিন টানা কুয়াশা পড়লেও বড়ধরনের শৈত্যপ্রবাহ না থাকায় এবার মণিরামপুরের কোথাও বোরোর বীজতলা ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি। ফলে আপাতত কৃষকদের ধানের চারা নিয়ে চিন্তিত হতে হচ্ছে না।
মাহমুদকাটি গ্রামের কৃষক নাজিম উদ্দিন বলেন, বোরো ধানের চারার বয়স প্রায় ২০-২৫ দিন হয়ে গেছে। আগামী জানুয়ারির দুই-তিন তারিখে জমিতে পানি ঢুকবে। এবার আমি চার বিঘা জমিতে ধান লাগাব।


মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, গতবছর উপজেলায় ২৯ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ধানের দাম বেশি হওয়ায় এবার তার থেকেও বেশি জমিতে বোরো চাষ হতে পারে। পুরোদমে চাষ শুরু না হওয়ায় এখনি লক্ষমাত্রা নির্ধারণ করা যাচ্ছে না।