খুলনাঞ্চল ডেস্ক
কভিড-১৯ এর ভ্যাকসিন হিসেবে বিশ্বের সর্বপ্রথম তৈরি স্ফুটনিক ভি নতুন এই ভাইরাসটির নতুন প্রজাতির বিরুদ্ধেও খুবই ফলদায়ক হবে বলে দাবি করেছে রাশিয়া।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ বলেন, ইউরোপে এখন যে ধরনের নতুন ভাইরাসের সন্ধান পাওয়া যাচ্ছে, বর্তমানের ভাইরাসের মতো সেগুলো প্রতিরোধেও আমাদের টিকা দারুণ প্রতিরোধক হবে। খবর এনডিটিভির।
দিমিত্রিয়েভ বলেন, তারা আরেকটি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা’র সঙ্গে এক যোগে কাজ করবে, যাতে কোভিড ১৯ এর নতুন মিউটেশনকে মোকাবেলা করা যায়। তার মতে, অ্যাস্ট্রাজেনেকা এ সময়ে খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নতুন মিউটেশনের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে এক যোগে করা দরকার। তাতে ভাল ফল বেরিয়ে আসবে।
গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, স্ফুটনিক ভি ৯৫ শতাংশই কার্যকর। দেশটির বৈদেশিক মন্ত্রণালয়ের টুইটারে বলা হয়েছে, স্বাস্থ্যবিশেষজ্ঞরা এটাকে ৯৬ থেকে ৯৭ শতাংশ কার্যকর বলে জানিয়েছেন।
চলতি বছরের ১১ আগস্ট রাশিয়ায় সর্বপ্রথম কোভিড ভ্যাকসিনের নিবন্ধন দেয়া হয়। ভ্যাকসিনটির নাম রাখা হয় মহাশূন্যে পাঠানো দেশটির প্রথম স্যাটেলাইটের নামে।











































