Home আঞ্চলিক কাজে আসছে না অডিটরিয়ামটি

কাজে আসছে না অডিটরিয়ামটি

11

আনোয়ার হোসেন,মণিরামপুর

প্রধানমন্ত্রীর উদ্বোধনের তিনবছর পার হলেও এখনো চালু হয়নি যশোরের মণিরামপুরে অবস্থিত শহীদ মসিয়ূর রহমান অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলটি। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিটরিয়ামটি উদ্বোধন করেন। হলটি চালু না হওয়ায় জেলা পরিষদ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন পরিষদের সদস্যরা।

সাংস্কৃতিক কর্মকান্ডের উন্নয়নের কথা ভেবে এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য মরহুম খান টিপু সুলতান মণিরামপুর বাজারের পুরাতন ট্রাক টার্মিনালে অডিটরিয়াম করার উদ্যোগ নেন। তার উদ্যোগে জেলা পরিষদের অর্থায়নে ২০১৩ সালের শেষের দিকে শহীদ মসিয়ূর রহমান অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলটির নির্মাণ কাজ শুরু হয়। ওই সালের ৩০ নভেম্বর কাজের উদ্বোধন করেন টিপু সুলতান। দোতলা ভবনটির কাজ শেষ হলে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অডিটরিয়ামটি উদ্বোধন করেন। কার্যত তখন থেকেই অচল রয়েছে সাড়ে তিনকোটি টাকা ব্যয়ে নির্মিত অডিটরিয়ামটি।

অডিটরিয়ামটি চালু হলে সভা সেমিনার, সাংস্কৃতি অনুষ্ঠান, বিবাহ অনুস্থানসহ নানা কাজে এই অঞ্চলের মানুষ উপকৃত হতেন বলে দাবি স্থানীয়দের।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন বলেন, প্রতি সভায় আমরা অডিটরিয়াম চালুর জন্য কর্তৃপক্ষকে দাবি জানাই। তারা আমাদের কথায় কান দেন না। নানা অজুহাত দেখান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস, এ, এম, রফিকুন্নবী বলেন, হলটিতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনে সমস্যা থাকায় অডিটরিয়ামটি চালু করা যায়নি। সেই সমস্যা মিটেছে। আমরা চাচ্ছি সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মণিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের উপস্থিতিতে অডিটরিয়ামটি চালু করতে। তিনি সময় দিলে দ্রুত অডিটরিয়াম চালু করা হবে।