মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে দ্বিতীয় দিনের মত ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবারে (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে তিনটি ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে আরো চার ভাটা মালিককে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আকতারের উপস্থিতিতে এই অভিযান চলে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর অনুমতি না থাকায় ভাটাগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
পরিবেশ অধিদপ্তর যশোর অঞ্চলের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ইট পোড়ানোর অনুমতি না থাকায় মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে অবস্থিত সোনালি ব্রিকস, স্বরুপদহ এলাকার শরিফ ব্রিকস ও নিউ বোল্ড ব্রিকসের ক্লিন গুড়িয়ে দেওয়াসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া বেগমপুর এলাকার বণ্ড ব্রিকসের মালিক আব্দুল ওয়াদুদকে আটলাখ টাকা, সোহান-১ ও সোহাগ-২ ব্রিকসের মালিক হাসান জামানকে তিন তিন করে ছয় লাখ টাকা এবং মুন ব্রিকসের মালিক রবিউল ইসলাম মিঠুকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান হারুন-অর-রশীদ। এরআগে রোববার (২০ ডিসেম্বর) দুপুরে দোঁদাড়িয়া এলাকায় সরদার ব্রিকসটি গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর।










































