স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’ এর থানা নায়েকসহ ৮ সক্রিয় সদস্যকে উগ্রবাদী নথিপত্রসহ গ্রেফতার করছে র্যাব-৬। শুক্রবার মহানগরীর লবণচরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ নিয়ে গত ১৯ মাসে আল্লাহর দলের ৩৫ জনকে গ্রেফতার করা হল। শনিবার সকালে র্যাব-৬ এর লবনচরার সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ পরিচালক লে কর্নেল রওশনুল ফিরোজ জানান, গত ১৮ ডিসেম্বর র্যাব-৬ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খুলনার লবণচরা থানাধীন সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর পূর্ব পাশে কাইয়ুম আয়রন ওয়ার্কশপ এর মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর বেশ কয়েকজন সদস্য গোপন বৈঠকে মিলিত হয়েছে। এ সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ওই স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে এ সংগঠনের খুলনা লবণচরা থানার থানা নায়েক মো. হাফিজুর রহমান (৩২), মো. জিল্লুর রহমান (৩১), মো. আলমগীর হোসেন মুন্সী (৩০), মো. কাইয়ুম হোসেন (৩৩), মো. রাজিবুল আলম (৩৭), মো. সুমন বেপারী (৩৩), ম. মুস্তাকিন হোসেন (২৬), মো. জাহাঙ্গীর (২৯) কে গোপন বৈঠক চলাকালে উগ্রবাদী নথিপত্র, নগদ ১৮ হাজার ৯৯৫ টাকা এবং ১৩টি মোবাইল ফোনসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত প্রধান আসামি মো. হাফিজুর রহমান স্বীকার করেছে, সে ২০১৭ সালের জুন মাসে একই সংগঠনের এক শীর্ষ নেতার কাছে বায়াত গ্রহণ করে ‘আল্লাহর দল’ সংগঠনের সদস্য পদ লাভ করে। এরপর থেকে সে তার তুষ কাঠের মিলের ব্যবসার পাশাপাশি স্থানীয় লোকজনকে এ দলে দাওয়াত দিতে থাকে। পরবর্তীতে সে ২০১৮ সালে থানা নায়েক পদে দায়িত্বপ্রাপ্ত হয়। সংগঠনের পূর্বের দায়িত্বশীল ব্যক্তিরা গ্রেফতার হওয়ায় বর্তমানে অন্যান্য সদস্যের সাথে গোপনে সাক্ষাতের মাধ্যমে সে তার ব্যবসার কাজের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।










































