Home আঞ্চলিক মায়ের পাশ থেকে ১৫ দিন বয়সের সন্তান চুরি

মায়ের পাশ থেকে ১৫ দিন বয়সের সন্তান চুরি

7

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে দিন-দুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৫ দিনের নবজাতককে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। চুরি হওয়া শিশুর নাম সোহান হোসেন। সে ওই গ্রামের দরিদ্র সোহাগ হোসেন ও ফাতেমা দম্পতির ছেলে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ ও পরিবারের পক্ষ থেকে ঘটনা জানার পরই তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত সাড়ে ১০টা নাগাদ চুরি হওয়া শিশুটির কোনও হদিস মেলেনি বলে জানান তিনি।

ওসি বলেন, নবজাতকের মা ফাতেমা খাতুন দুপুরে অত্যাধিক ক্লান্তিতে ঘরের বারান্দায় মশারির নীচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন। আধঘণ্টা পরে ঘুম থেকে উঠে দেখেন পাশে তার ছেলে পাশে নেই। এরপর অনেক খোঁজ করেও না পেয়ে তারা পুলিশকে জানায়। এ বিষয়ে পুলিশ আন্তরিকভাবে খোঁজ করছে বলে জানান তিনি।