ঢাকা অফিস।।
রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত হীরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে হোটেলটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অর্থাৎ মেঝে নোংরা-স্যাঁতস্যাঁতে, ঢাকনাহীন অবস্থায় ময়লার পাত্র দেখা যায়।
অভিযানে হোটেলে লেবেল ছাড়া ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। খাদ্যকর্মীদের স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি। এছাড়া পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোল প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয় হোটেলটি।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে তিন লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।










































