আন্তর্জাতিক ডেস্ক।।
সড়ক পরিদর্শনে গেলে ভিডিও ধারণ করায় এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে ভারতের দিল্লির পূর্তমন্ত্রী পারভেশ বর্মার বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুবকটি মন্ত্রীর ভিডিও ধারণ করছিলেন।
এ সময় বর্মা তার হাত থেকে মোবাইল ফোনটি সরিয়ে দিয়ে তাকে চড় মারেন। পরে ওই যুবকের সঙ্গে মন্ত্রীর ধস্তাধস্তি শুরু হলে এক নিরাপত্তাকর্মী দুজনের মাঝখানে দাঁড়ান।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ভিডিওতে আশপাশের লোকজনকে ঘটনার প্রতিবাদ করতে শোনা যায়। একজনকে বলতে শোনা যায়, ‘সাধারণ মানুষকে কেউ চড় মারতে পারে না।’
ঘটনার পর আম আদমি পার্টির (এএপি) বিধায়ক অভিযোগ করেন, রাস্তা পরিদর্শনে গিয়ে অনিয়মের বিষয় সামনে আসায় ক্ষুব্ধ হয়ে ওই যুবকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন পারভেশ বর্মা।
এদিকে সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ওই ভিডিও শেয়ার করে পারভেশ বর্মার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।











































