নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে মারামারি মামলায় আদালতে হাজিরা দিতে অস্ত্র নিয়ে গিয়েছিলেন ১১ জন। বিষয়টি জানতে পেরে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা মো. এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেলেন্দার আলী (৫৫), হাসানুর রহমান (৫৪), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪৫)।
পুলিশ জানায়, রবিবার (২০ সেপ্টম্বর) চর কান্দিপাড়া থেকে মারামারি মামলায় হাজিরা দিতে আসা ২২ জন ব্যাগে করে দেশীয় অস্ত্র এনে আইনজীবীর চেম্বারে রেখেছেন—এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে বিষয়টি যাচাই করতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় আইনজীবীর চেম্বার তল্লাশি করে ব্যাগ থেকে ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে ২২ জনের বিষয়ে তথ্য থাকলেও তল্লাশির সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
নড়াইল সদর থানার ওসি রাসেল সারোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১১ জনকে আইনজীবীর চেম্বার থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











































