ঢাকা অফিস।।
রাজধানীর পল্লবীতে ভারী বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানাধীন সিরামিক রোডে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টির মধ্যেই পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন জ্বলছে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।
তিনি বলেন, ভোর সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।
তবে কেউ হতাহত হয়নি। হাসান বাসির বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে আমাকে জানায় বাসটিতে (ঢাকা মেট্রো ব-১১-৮৭০৩) আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গেছে।
এই ঘটনায় কোনো মামলা দায়ের করেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করিনি।











































