Home আন্তর্জাতিক ইমরান খানের বোন গ্রেপ্তার

ইমরান খানের বোন গ্রেপ্তার

5

আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের বাসা থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

লাহোরের জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে প্রশাসন বলেছে, জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ তৈরি করতে পারে।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে পিটিআই। দলটির নেতারা জানিয়েছেন, এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার ‘সম্ভব সবকিছু’ করবে।

আলিমা খানের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি একে ‘চরম নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, আলিমা খানের গ্রেপ্তারই তার প্রতিফলন।