স্পোর্টস ডেস্ক ।।
দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ফরম্যাট দিয়ে। আগামী ৩ অক্টোবর চার ভেন্যুতে প্রথম একাদশের আট দলের লড়াই শুরু হবে।
এর চার দিন পর, ৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়ানশিপ। ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার পাঁচটি ভেন্যুতে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিকেএসপি, পিকেএসপি ও বসুন্ধরা ভেন্যুসহ ঢাকার মোট পাঁচ মাঠে হবে এই প্রতিযোগিতার ম্যাচ।
এদিকে বুধবার ২৮তম চার দিনের এনসিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।
এবারের জাতীয় লিগে অংশ নেবে দেশের আটটি বিভাগীয় দল। প্রায় দুই মাসের এই প্রতিযোগিতার শেষ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর।
এনসিএলের উদ্বোধনী রাউন্ডে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ান রংপুরের মুখোমুখি হবে ঢাকা। একই সময়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা খেলবে বরিশালের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।
ঘরোয়া ক্রিকেটে বেশি সংখ্যক খেলোয়াড়কে প্রতিযোগিতামূলক ম্যাচের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়ানশিপ আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। গত এপ্রিলে এ পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।











































