বেনাপোল (যশোর) প্রতিনিধি।।
যশোরের বেনাপোল পৌর গেটের উত্তরের একটি খোলা মাঠ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দাফনের ব্যবস্থা করা হয়। মৃত নারীর হাতের ছাপ নিয়ে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই নারী দীর্ঘদিন ধরে বেনাপোল পৌর গেট ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তিনি সেখানকার স্থানীয় বাসিন্দা ছিলেন না। এলাকার কেউ তাঁর পরিচয় বা স্বজনদের বিষয়ে নিশ্চিতভাবে জানাতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে খোলা মাঠে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিচয় শনাক্ত না হওয়া ও কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় তাঁর দাফনের ব্যবস্থা করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।











































