কুষ্টিয়া প্রতিনিধি ||
কুষ্টিয়ায় নাশকতা মামলায় জামিনে বের হয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির প্রায় পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। পরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়ি ভাঙচুর করেন এবং তার পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলকোলা গ্রামে ঘটনাটি ঘটে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুলের নেতৃত্বে বিএনপি অফিস ও নেতাকর্মীদের ওপর হামলা হয়।
হামলার শিকার বিএনপির সমর্থকরা অভিযোগ করেন, সন্ধ্যার পর তারা নলকোলা গ্রামের এক নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে বসে মুড়ি মাখিয়ে খাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালান ও বিএনপি কার্যালয় ভাঙচুর করেন। হামলায় বিএনপির পাঁচ-ছয়জন আহত হন।
বিএনপি নেতাকর্মীরা জানান, কয়েকদিন আগে আওয়ামী লীগের সমর্থকরা মিছিল করায় কুষ্টিয়া ইবি থানায় একটি নাশকতা মামলা হয়। এতে আওয়ামী লীগ নেতা রুহুলসহ অনেকেই আসামি হন। ওই মামলায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা জামিন পেয়ে এলাকায় মিষ্টিমুখ করেন, এরপর বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি কার্যালয় ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ বিএনপি সমর্থকরা জড়ো হয়ে রুহুলের বাড়ি ভাঙচুর করে এবং তার একটি পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যাবস্থা নেওয়া হবে।








































