স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ জনসহ মোট ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বিভাগে ৩৪৯ জন ডেঙ্গু রোগী এবং ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন সমন্বিত এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেঙ্গু পরিস্থিতি:
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ভর্তি ৩৪৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৩১৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন ভর্তি হন। জেলাভিত্তিক আক্রান্তের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৯৯ জন এবং বাগেরহাটে ৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ৯ হাজার ৭৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে কেবল খুলনা জেলাতেই ৩৮৯ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৮ জন ভর্তি আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩৯৩ জন।
হামের প্রাদুর্ভাব:
বিভাগে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, বিপরীতে সুস্থ হয়েছেন ৮৬ জন। এই সময়ে খুলনায় সন্দেহজনক হামে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হামের রোগী চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১ হাজার ৭ জন। ল্যাব পরীক্ষায় ৩৭৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হলেও নিশ্চিত হামে মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক হামে ৪২ জনের প্রাণহানি ঘটেছে।








































