Home Lead একনেকে খুলনা অঞ্চলে নৌ আবাসন ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে বড় বরাদ্দ

একনেকে খুলনা অঞ্চলে নৌ আবাসন ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে বড় বরাদ্দ

2

স্টাফ রিপোর্টার।।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি গুরুত্বপূর্ণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে খুলনাঞ্চলের উন্নয়নে খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন ব্যবস্থা এবং খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নসহ একাধিক বড় প্রকল্প অনুমোদন লাভ করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।

খুলনার অগ্রাধিকারভিত্তিক প্রকল্পসমূহ:

অনুমোদিত প্রকল্পের তালিকায় খুলনা অঞ্চলের অবকাঠামো ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়া হয়েছে।

খুলনা নৌ অঞ্চলে আবাসন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে খুলনা নৌ অঞ্চলে অবস্থানরত নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো নির্মাণের প্রকল্প অনুমোদন পেয়েছে।

পয়ঃনিষ্কাশন উন্নয়ন: নগরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধিতে ‘খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন’ (১ম সংশোধিত) প্রকল্পটির অনুমোদন চূড়ান্ত করা হয়েছে।

শিক্ষা পরিকাঠামো: এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত অবগতির জন্য উপস্থাপিত প্রকল্পের মধ্যে খুলনায় সামরিক শিক্ষার প্রসারে ‘খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল’-এর অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের তথ্য কমিটিকে অবহিত করা হয়।

বরাদ্দ ও অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্প:

অনুমোদিত ১২টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৭১ লাখ টাকা জোগান দেওয়া হবে। ১২টি প্রকল্পের মধ্যে ৭টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সর্বোচ্চ ৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মধ্যে ঢাকা মেট্রোরেলের লাইন-১, লাইন-৫ (সাউদার্ন ও নর্দান রুট) এবং রাজশাহী ও চট্টগ্রাম জোন সড়ক উন্নয়ন প্রকল্প রয়েছে। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের অধীনে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রাকশন চালুকরণ এবং বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্প অনুমোদন লাভ করেছে। অন্যান্য প্রকল্পের মধ্যে বরিশাল সেনানিবাস স্থাপন (২য় পর্যায়) এবং মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আপগ্রেডেশন উল্লেখযোগ্য।