স্পোর্টস ডেস্ক ।।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ারের বিশ্বরেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর । মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হারারে স্পোর্টস ক্লাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমে তিনি এই রেকর্ড গড়েন।
এতে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের এত দিনের রেকর্ডটি ভেঙে দেন।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া টেলরের ওডিআই ক্যারিয়ারের স্থায়িত্ব এখন ২২ বছর ৪ মাস, যা শচীনের ২২ বছর ৩ মাসের ওডিআই ক্যারিয়ারকে ছাড়িয়ে গেছে। ৪০ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ২০৭টি ওয়ানডে তার নামের পাশে ছিল ৬৭০৪ রান।
এর মধ্যে রয়েছে ১১টি সেঞ্চুরি এবং ৩৯টি হাফ সেঞ্চুরি। জিম্বাবুয়ের হয়ে ৫০ ওভারের ফরম্যাটের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও টেলর।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন টেলর। কিন্তু ২০২২ সালে আইসিসি দুর্নীতি দমন এবং ডোপিংবিরোধী নিয়ম ভাঙার কারণে তাকে সাড়ে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল।
নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পরে ২০২৫ সালে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন টেলর। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে সহআয়োজক হিসেবে থাকবে জিম্বাবুয়েও। তাই ঘরের মাঠে বিশ্বকাপ খেলাই এখন লক্ষ্য টেলরের।
তবে রানের বিচারে শচীনের থেকে অনেকটাই পিছিয়ে টেলর। ৪৬৩টি ওডিআই ম্যাচে শচিনের সংগ্রহ ১৮৪২৬ রান।
অন্যদিকে ব্রেন্ডন টেলর ২০৭ ম্যাচে করেছেন ৬৭০৪ রান।










































