Home স্বাস্থ্য কলাপাতার ঘ্রাণে জমে উঠবে ডিমের এই পদ

কলাপাতার ঘ্রাণে জমে উঠবে ডিমের এই পদ

0


মিলি রহমান।।

বাড়িতে মাছ বা মাংস নেই, অথচ দুপুরের পাতে একটু ভিন্ন স্বাদের কিছু চাই এমন পরিস্থিতিতে ডিম হতে পারে সহজ সমাধান। সাধারণত ডিমের ঝোল, কারি কিংবা ভাজিই বেশি রান্না করা হয়। তবে একই ধরনের পদ খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। সেক্ষেত্রে খুব বেশি ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন হাঁসের ডিমের পাতুরি। ইচ্ছে করলে মুরগির ডিম দিয়েও এই পদ বানানো যায়। তবে হাঁসের ডিমের স্বাদ ও ঘনত্ব এই রান্নাটিকে আরও সুস্বাদু করে তুলতে পারে। ইলিশ বা ভেটকির পাতুরি তো অনেকেই খেয়েছেন, এবার স্বাদ বদলাতে পাতে থাকুক হাঁসের ডিমের পাতুরি। গরম ভাতের সঙ্গে এই পদ বেশ জমে যায়।

হাঁসের ডিমের পাতুরি বানাতে যা লাগবে

হাঁসের ডিম- ৫-৬টি

পোস্ত- ২ টেবিল চামচ

সাদা ও কালো সর্ষে – ২ টেবিল চামচ

সাদা তিল- ২ টেবিল চামচ

সর্ষের তেল- ৩ টেবিল চামচ

কাঁচা মরিচ- ৫-৬টি

নুন- স্বাদ অনুযায়ী

কলাপাতা- ১০-১২ টুকরো

যেভাবে তৈরি করবেন

প্রথমে হাঁসের ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিন। ডিম সিদ্ধ হওয়ার ফাঁকে কলাপাতা পরিষ্কার করে নিয়ে আগুনের আঁচে অল্প সেঁকে নিন। এতে পাতাগুলো নরম হবে এবং সহজে ভাঁজ করা যাবে। এবার পোস্ত, সাদা-কালো সর্ষে ও কয়েকটি কাঁচা মরিচ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। নরম হয়ে এলে সামান্য নুন দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে বেটে নিন। সিদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে প্রতিটি ডিম মাঝ বরাবর কেটে নিন। এরপর ডিমের গায়ে তৈরি করা সর্ষে-পোস্তের মিশ্রণ ভালোভাবে মাখিয়ে দিন। উপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিন। চাইলে প্রতিটি ডিমের সঙ্গে একটি করে কাঁচা মরিচও দিতে পারেন।

এবার সেঁকে রাখা কলাপাতার টুকরোর মধ্যে ডিমগুলো রেখে সুন্দর করে মুড়ে নিন। কলাপাতা যাতে খুলে না যায়, সেজন্য টুথপিক দিয়ে আটকে দিন। এরপর কড়াই গরম করে তাতে অল্প সর্ষের তেল মাখিয়ে নিন। কলাপাতায় মোড়ানো ডিমগুলো কড়াইয়ে দিয়ে অল্প আঁচে দুই পাশ ভালোভাবে সেঁকে নিন। চাইলে পাতুরি ভাপিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কলাপাতায় মোড়ানো ডিমগুলো একটি টিফিন বক্সে রেখে সেটি ফুটন্ত পানির ওপর বসিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু হাঁসের ডিমের পাতুরি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সাধারণ ডিমের রান্নাতেও চলে আসবে একেবারে অন্যরকম স্বাদ।