Home আঞ্চলিক প্রেমের টানে খুলনায় চীনা প্রকৌশলী

প্রেমের টানে খুলনায় চীনা প্রকৌশলী

9


দাকোপ (খুলনা) প্রতিনিধি।।
প্রেমের টানে খুলনার দাকোপে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন লিও হিউ (৩৫) নামে চীনা এক যুবক। লিও পেশায় একজন প্রকৌশলী।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দাকোপ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ খায়রুল বাসার। এর আগে গত সোমবার তাদের বিয়ে সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এই ঘটনায় আলোচনায় আসা ময়না (২৪) উপজেলার বারুইখালী এলাকার বিল্লাল বিশ্বাসের মেয়ে এবং লিও হিউ চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা।

পারবারিক সূত্রে জানা গেছে, আগের স্বামীর সঙ্গে ময়নার ডিভোর্স হয়েছিল এবং সে এক সন্তানের জননী।

এরমধ্যে প্রায় ৯ মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় লিও ও ময়নার। পরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার বাংলাদেশে পৌঁছান লিও। পরদিন আইন অনুযায়ী নোটারি পাবলিকের এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে রেজিস্ট্রি কাবিন মূলে বিয়ে করেন তারা।

বর্তমানে এই নব দম্পতি ময়নার বাবার বাড়ি বারুইখালিতে অবস্থান করছেন। ইতোমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই চীনা প্রকৌশলী এবং তার নতুন নাম রাখা হয়েছে হাসিব।

এ বিষয়ে জানতে চাইলে ময়না বলেন, লিওর ভাষা আমি অল্প অল্প বুঝি, আর বাকিটা অ্যাপসের মাধ্যমে কথা বলি। সে আমাদের পরিবারের সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছে এবং আমাদের দেশীয় খাবার ও এলাকার পরিবেশ বেশ পছন্দ করেছে।

লিও জানান, বাংলাদেশে কিছুদিন থাকার পর তিনি তার স্ত্রীকে নিয়ে চীনে চলে যাবেন।

বিল্লাল বিশ্বাস জানান, লিওকে জামাই হিসেবে খুব পছন্দ হয়েছে। এক মাসের ছুটি শেষে সে চীনে ফিরে যাবেন। পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসে মেয়েকে আনুষ্ঠানিকভাবে চীনে নিয়ে যাবে।

দাকোপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ খায়রুল বাসার বলেন, বারুইখালী এলাকায় এক চীনা যুবক বাংলাদেশি নারীকে বিয়ের করেছে বলে খবর পেয়েছি। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি চীনা যুবক বৈধভাবে এদেশে এসে এই অঞ্চলের এক নারীকে বিয়ে করেছেন।