ঢাকা অফিস।।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে ৪টি প্রতিষ্ঠানের জন্য নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজারেরও বেশি ভোটকেন্দ্র, যার মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যই সবচেয়ে বেশি ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইসির চূড়ান্ত তালিকা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৫ হাজার ৯৭২টি স্থায়ী ও ৪২৫টি অস্থায়ী কেন্দ্র মিলিয়ে মোট ৪৬ হাজার ৩৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি। অন্যদিকে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ৪১ হাজার ৪৬৬টি কেন্দ্রে মোট ২ লাখ ৩৩ হাজার ৩০৫টি ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে।
এ ছাড়া পৌরসভা নির্বাচনের জন্য ৫ হাজার ২০২টি কেন্দ্রে ২৫ হাজার ৯৬৬টি এবং সিটি করপোরেশন নির্বাচনের জন্য ৫ হাজার ১৫১টি কেন্দ্রে ২৫ হাজার ৬৫টি ভোটকক্ষ নির্ধারণ করেছে কমিশন। জেলা পরিষদ নির্বাচন সরাসরি জনগণের ভোটে অনুষ্ঠিত হয় না বলে এর জন্য আলাদা ভোটকেন্দ্রের প্রয়োজন হয়নি।
এদিকে,এরইমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে কমিশন। হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরেই তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ ভোটের মাধ্যমে এই নির্বাচন শুরু হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এরইমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে ইউপি ও পৌরসভা নির্বাচন এবং পরবর্তীতে অন্য স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, দেশের ৪ হাজার ৫৮০টি ইউপির মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি এবং ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী রয়েছে। এছাড়া ৫০০টি উপজেলা ও ১৩টি সিটি করপোরেশনের কোনোটিতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলোই বর্তমানে ভোটগ্রহণের জন্য প্রস্তুত।











































