Home আঞ্চলিক কয়লা সরবরাহ স্বাভাবিক, রামপালে ১১০০ মেগাওয়াট বিদ্যু উৎপাদন

কয়লা সরবরাহ স্বাভাবিক, রামপালে ১১০০ মেগাওয়াট বিদ্যু উৎপাদন

0


বাগেরহাট প্রতিনিধি

কয়লা সংকট কাটিয়ে স্বাভাবিক হয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বর্তমানে কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রের মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম।

কয়লা সরবরাহ নিয়ে সম্প্রতি কিছুটা সংকট তৈরি হলেও বর্তমানে চারটি মাদার ভ্যাসেলের মাধ্যমে কেন্দ্রটিতে কয়লা সরবরাহ করা হচ্ছে। ফলে উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক গতিতে চলছে। ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির সক্ষমতা ৬৬০ মেগাওয়াট।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, ‘আমাদের বর্তমানে কয়লার কোনো সংকট নেই। আমরা ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছি। আজ ১০ সেপ্টেম্বর ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ সরবরাহ করছি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেও কয়লা সরবরাহে ঘাটতির কারণে কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে বর্তমানে একাধিক মাদার ভ্যাসেল থেকে কয়লা আসায় সেই পরিস্থিতি কেটে গেছে। জাহাজ থেকে কয়লা খালাস করে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রের জন্য সরবরাহ করা হচ্ছে।

কয়লা সরবরাহের বিষয়ে বসুন্ধরা গ্রুপের কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠানের ম্যানেজার মো. লোকমান হোসেন বলেন, ‘আমাদের এখানে কয়লার কোনো সংকট নেই। চারটি ভ্যাসেল থেকে সমানভাবে কয়লা সরবরাহ করা হচ্ছে। আমরা যতটুকু বুঝতে পারছি, কয়লার কোনো সংকট নেই।’

এদিকে স্থানীয় কয়লা সরবরাহ ও শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, গত কয়েকদিন কয়লা সরবরাহে কিছুটা সংকট থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যাপ্ত কয়লা আসায় শ্রমিকরা দিন-রাত কাজ করছেন।

তিনি বলেন, ‘এখন আমাদের প্রচুর শ্রমিক দিন-রাত কাজ করছেন। আশা করি, জাতীয় গ্রিডে পূর্ণ সরবরাহ নিশ্চিত হবে।’

সংশ্লিষ্টরা বলছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট সচল রাখতে নিয়মিত কয়লা সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে কয়লার সরবরাহ স্বাভাবিক থাকায় কেন্দ্রটির উৎপাদনও সচল রয়েছে। জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের কর্মকর্তারা।