স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর নিরালা এলাকায় তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে মুত্তাকীন নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে মুস্তাকিন একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। রক্তসংক্রান্ত ও গুরুতর জখম অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পরপরই নিরালা ও তার আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
খবর পেয়ে খুলনা থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।











































