Home খেলাধুলা উইমেন’স জুনিয়র এশিয়ান কাপে: হংকং চায়নাকে উড়িয়ে অপরাজিত বাংলাদেশ

উইমেন’স জুনিয়র এশিয়ান কাপে: হংকং চায়নাকে উড়িয়ে অপরাজিত বাংলাদেশ

3


স্পোর্টস ডেস্ক।।

অসাধারণ ছন্দে থাকা বাংলাদেশ এবার উড়িয়ে দিয়েছে হংকং চায়নাকে। আইরিন রিয়া ও লিমার জোড়া গোলের সঙ্গে রিমন শারিকা ও কনা আক্তারের গোল মিলিয়ে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে উইমেন’স জুনিয়র এশিয়ান কাপের চ্যালেঞ্জার পুলের লড়াই অপরাজিত থেকে শেষ করল দল।

বুধবার হুলুনবুইর সিটিতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে বাংলাদেশ। নবম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দারুণ হিটে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক রিমন শারিকা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া। কিছুক্ষণ পর কনা আক্তারও গোলের খাতায় নাম লেখালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারেও প্রতিপক্ষকে চাপে রেখে আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ৩১তম মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৪-০ করেন লিমা। এর মাত্র দুই মিনিট পর আবারও গোল করেন আইরিন। তাঁর দ্বিতীয় গোলেই বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ ব্যবধানে এবং বড় জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে ওঠে।

শেষ কোয়ার্টারেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ম্যাচের শেষ দিকে দলের ষষ্ঠ গোলটি করেন লিমা। তাঁর দ্বিতীয় গোলেই ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

চ্যালেঞ্জার পুলে এর আগে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে এবং এরপর কাজাখস্তানকে ৪-০ ব্যবধানে হারায় দল। টানা চার ম্যাচে চার জয় তুলে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় বাংলাদেশ।

এবার আরও কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে হবে বাংলাদেশকে। পরবর্তী ধাপে এলিট পুলের দলগুলোর বিপক্ষে লড়াই করবে তারা। এই পুলে রয়েছে ভারত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। তবে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পাওয়া যাবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।