আন্তর্জাতিক ডেস্ক।।
চীনের তিব্বত ও নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একই দিনে ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় বার্তাসংস্থা দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মঙ্গলবার তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।
এর আগে একই দিন নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলের মুস্তাং জেলায়ও ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মুস্তাং জেলার লোমানথাং এলাকায়, যা রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৩৭৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
ভূমিকম্পের কম্পন মুস্তাংয়ের পার্শ্ববর্তী মানাং, দোলপো ও মিয়াগদি জেলাতেও অনুভূত হয়।
তবে ভূমিকম্পের পরপরই কোনো ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।









































