Home খেলাধুলা শেফালিকে আউট করে ‘বিশেষ অঙ্গভঙ্গি’, শাস্তি পেলেন পাকিস্তানের ফাতিমা

শেফালিকে আউট করে ‘বিশেষ অঙ্গভঙ্গি’, শাস্তি পেলেন পাকিস্তানের ফাতিমা

3

স্পোর্টস ডেস্ক।।

ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপের ম্যাচে আচরণবিধি ভাঙায় পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাকে জরিমানা করেছে আইসিসি। তার ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। শনিবার দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘন করেন ফাতিমা।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, ব্যাটারকে আউট করার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ, যা ব্যাটারকে হেয় করে বা তাঁর কাছ থেকে আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দিতে পারে।

ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার শেফালি ভার্মাকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে ইশারা করেন ফাতিমা। এই ঘটনাকেই আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে।

অপরাধ স্বীকার করে আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নেন ফাতিমা। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের দুই আম্পায়ার নিমালি পেরেরা ও শাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান ফাতিমার বিরুদ্ধে অভিযোগ আনেন।

২৪ মাসের মধ্যে এটি ফাতিমার দ্বিতীয় ডিমেরিট পয়েন্টের ঘটনা। এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। ফলে গত ২৪ মাসে তার মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুইয়ে।

আইসিসির লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়া হয়। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।

কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। দুই সাসপেনশন পয়েন্ট হলে একটি টেস্ট, দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি ম্যাচের নিষেধাজ্ঞা হয়, যে সংস্করণের ম্যাচ আগে আসে সেটি অনুযায়ী।

ডিমেরিট পয়েন্ট আরোপের পর ২৪ মাস পর্যন্ত খেলোয়াড় বা খেলোয়াড় সহায়ক কর্মীর শৃঙ্খলাগত রেকর্ডে থাকে। এরপর সেগুলো রেকর্ড থেকে মুছে ফেলা হয়।