স্পোর্টস ডেস্ক।।
ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন প্রত্যাহার করেছে বেলজিয়ামের ফুটবল ফেডারেশন।
২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ বিশ্বকাপের বাণিজ্যিক অংশে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনায় ইনফান্তিনোর ভূমিকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ)।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আরবিএফএ জানিয়েছে, দুই বিষয়েই ইনফান্তিনোর স্বচ্ছতার ঘাটতিতে তারা হতাশ। এ কারণে ফিফা সভাপতির প্রার্থিতায় আর সমর্থন দিতে পারছে না তারা।
রোববার (৬ সেপ্টেম্বর) ফিফা নিশ্চিত করেছে, ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থ মেয়াদে সভাপতি পদে লড়বেন ইনফান্তিনো। সংস্থাটির দাবি, চলতি বছরের শুরুতে নির্বাচনে অংশ নেওয়ার যে পরিকল্পনা জানিয়েছিলেন, সেটি থেকে তিনি সরে আসেননি।
তবে বিশ্বকাপের বাণিজ্যিক অংশে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণার পর থেকেই একাধিক জাতীয় ফুটবল সংস্থা ও আঞ্চলিক কনফেডারেশনের সমর্থন হারিয়েছেন ইনফান্তিনো। শেষ পর্যন্ত ব্যাপক চাপ ও সমালোচনার মুখে সেই পরিকল্পনা বাতিলও করেন তিনি।
বিশ্বকাপ চলাকালেও বিতর্কে জড়ান ফিফা সভাপতি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ শেষ ষোলোর ম্যাচের আগে দেশটির ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিল করে ফিফা। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফার সিদ্ধান্তের প্রশংসা করেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘সঠিক কাজটি করার এবং বড় একটি অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ!’
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনও বালোগানকে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে খেলার সুযোগ দেওয়ায় ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে ফিফার সিদ্ধান্ত মেনে নেয়নি বেলজিয়াম। আরবিএফএ আপিল করলেও ফিফার আপিল কমিটি সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে খারিজ করে দেয়। বেলজিয়ান ফেডারেশনের অভিযোগ, সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা না করে ফিফা তাদের নিয়ম লঙ্ঘন করেছে।
সোমবারের (৭ সেপ্টেম্বর) বিবৃতিতে আরবিএফএ জানায়, এখনো তারা ফিফার কাছ থেকে ‘সন্তোষজনক কোনো জবাব পায়নি’। আগামী ১৫ অক্টোবরের ফিফা কাউন্সিল সভার আলোচ্যসূচিতে বালোগানের বিষয়টি অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছে তারা।
ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের আরেকটি কারণ হিসেবে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের কথাও উল্লেখ করেছে বেলজিয়াম। ভবিষ্যৎ বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের সুযোগ দিতে ফিফার মালিকানাধীন ও নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নিয়েছিল ফিফা।
আরবিএফএর মতে, এই বিনিয়োগ পরিকল্পনা প্রক্রিয়াটির স্বচ্ছতা ও সুশাসন নিয়ে ‘প্রশ্নের জন্ম দিয়েছে’।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা, সুশাসন ও আন্তর্জাতিক ফুটবলের বিশ্বাসযোগ্যতার স্বার্থে এ ধরনের বিষয় স্বচ্ছতা ও কঠোরতার সঙ্গে পরিচালনা করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতের জন্য স্পষ্ট সুরক্ষাব্যবস্থাও থাকতে হবে।’
দুই বিষয়েই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার কথা জানিয়েছে বেলজিয়ান ফেডারেশন। ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করতে তারা কাজ চালিয়ে যাবে বলেও জানিয়েছে।
আরবিএফএর সভাপতি পাসকাল ভান ডাম জানান, ফিফার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হয়েছে। তবে তাদের উত্থাপিত প্রশ্নগুলোর এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সব পক্ষের জন্য স্বচ্ছতা ও স্পষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রয়োজনীয় ব্যাখ্যা চেয়েছি। একই সঙ্গে বর্তমান প্রক্রিয়াগুলো কীভাবে আরও উন্নত করা যায়, সেটিও খতিয়ে দেখতে চাই।’











































