আন্তর্জাতিক ডেস্ক।।
জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি রাজ্যে বিদ্যুৎ অবকাঠামোয় হামলার তদন্তের সময় আরো নয়টি ঘরে তৈরি বিস্ফোরক উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে গত কয়েক দিনে উদ্ধার হওয়া বিস্ফোরকের সংখ্যা দাঁড়িয়েছে ২১টিতে।
পুলিশ ও সরকারি কৌঁসুলিরা সোমবার এক যৌথ বিবৃতিতে জানায়, গোয়েরলিটজ জেলার গ্রাউস্টেইন বিদ্যুৎ উপকেন্দ্রের দক্ষিণে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের কাছে এসব বিস্ফোরক পাওয়া যায়।
গত সপ্তাহে জার্মানির বিদ্যুৎ গ্রিডে একাধিক নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনার পর দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর আগে আগস্টে বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনাতেও জার্মান সরকার রাশিয়াকে দায়ী করেছিল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জার্মান পুলিশ জানায়, বিদ্যুৎ গ্রিডে ধারাবাহিক নাশকতার দায় স্বীকার করে চিঠি পাঠানো এক ব্যক্তিকে খুঁজছে তারা। ওই ব্যক্তির বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু পাওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে তিনি এখনো পলাতক রয়েছেন।
এদিকে সোমবার (৭ সেপ্টেম্বর) বার্লিনের একটি ট্রান্সফরমার উপকেন্দ্রে আগুন লাগার ঘটনা তদন্ত করে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, এটি নাশকতা নয়, বরং প্রযুক্তিগত ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় শহর ভেসেলে আরেকটি ট্রান্সফরমার উপকেন্দ্রের নিরাপত্তাবেষ্টনী কেটে ফেলার ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় পুলিশ বড় ধরনের তদন্ত ও নিরাপত্তা যাচাই অভিযান শুরু করেছে।











































