ঢাকা অফিস।।
দেশে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণে এনে সড়কের শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে নিবন্ধনের নামে জালিয়াতি বন্ধে চালু হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা। একই সাথে অটোরিকশার জন্য নির্দিষ্ট রুট নির্ধারণের পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে এগুলোর চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে উত্থাপিত এক জরুরি নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারের এই নতুন নীতিমালার কথা জানান। সংরক্ষিত সংসদ সদস্য রেহানা আক্তার রানুর মনোযোগ আকর্ষণীয় নোটিশের উত্তরে তিনি বলেন, লাখ লাখ মানুষের জীবিকা ও কর্মসংস্থান সচল রেখেই সড়ক নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে।
সংসদে নোটিশ উত্থাপনকালে সংসদ সদস্য রেহানা আক্তার রানু জানান, বর্তমানে দেশে প্রায় ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার রয়েছে, যা মোট উৎপাদিত বিদ্যুতের ৫ শতাংশের মতো ব্যবহার করে। এর মধ্যে শুধু ঢাকাতেই প্রায় ৪৮ হাজার অবৈধ চার্জিং পয়েন্ট চলছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে সরকার বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এছাড়া নিম্নমানের লেড-অ্যাসিড ব্যাটারি ব্যবহারের ফলে পরিবেশগত ঝুঁকি ও বেপরোয়া চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি মাত্র নিবন্ধনের অধীনে একাধিক গাড়ি চালানোর যে জালিয়াতি এতদিন চলে আসছিল, তা প্রতিরোধে কিউআর কোড ব্যবহার করা হবে।’
তিনি আরও জানান, নির্ধারিত রুট: অটোরিকশাগুলোকে নির্দিষ্ট ফিডার রোড বা অলিগলির রুটে সীমাবদ্ধ রাখা হবে, তারা কোনোভাবেই প্রধান সড়ক বা মহাসড়কে উঠতে পারবে না।
পরিবেশবান্ধব ব্যাটারি: ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ ব্যাটারির পরিবর্তে উন্নত ও নিরাপদ ব্যাটারি ব্যবহারে বাধ্যতামূলক শর্ত দেওয়া হচ্ছে।
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন: চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ বিভাগের মাধ্যমে তদারকি জোরদার করে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও চুরি রোধ করা হবে।
স্মার্ট ট্রাফিক ব্যবস্থা: ট্রাফিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিত্তিক ক্যামেরা ব্যবহারে সুফল মিলছে, যার পরিধি সামনে আরও বাড়ানো হবে।
সরকারের এই নতুন রূপরেখা বাস্তবায়িত হলে কর্মসংস্থান অটুট রেখে সড়ক দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।











































