Home খেলাধুলা ভারতকে হারানোর লক্ষ্য অ্যাডাম আব্বাসের

ভারতকে হারানোর লক্ষ্য অ্যাডাম আব্বাসের

3

স্পোর্টস ডেস্ক।।

উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে পরের পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেলেও প্রতিবেশী দেশের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান বাংলাদেশের তরুণ ফুটবলার অ্যাডাম আব্বাস।

রোববার (৬ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়ে লড়াই করার প্রত্যয় জানিয়েছেন এই প্রবাসী ফুটবলার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগের দুই ম্যাচের হতাশা ভুলে এখন পুরো মনোযোগ ভারতের ম্যাচ ঘিরেই।

অ্যাডাম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো কোচের পরিকল্পনা মেনে চলা এবং দল হিসেবে সবাই একসঙ্গে লড়াই করা। আগের ম্যাচগুলোতে আমাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। সেই দায় আমরা নিচ্ছি। তবে এখন নতুন করে শুরু করতে হবে এবং মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দিতে হবে, যাতে জয়ের সেরা সুযোগ তৈরি করা যায়।’

বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারের পর সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয় তারা। ফলে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা আর নেই বাংলাদেশের। এর মধ্যেই কোচের পরিবর্তন এসেছে দলে। দুই ম্যাচের পর প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভারতের বিপক্ষে তাই ডাগআউটে থাকবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

মাঝপথে কোচ পরিবর্তনের কারণে কৌশলে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে মনে করেন অ্যাডাম। তবে মাঠে পরিকল্পনার যথাযথ বাস্তবায়নকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। ‘কোচ ভিন্ন হওয়ায় খেলার কৌশলেও কিছু সূক্ষ্ম পরিবর্তন থাকবে। তবে আসল বিষয় হলো মাঠে সেই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা। আক্রমণ বাড়াতে হবে, রক্ষণ সামলাতে হবে এবং কঠোর পরিশ্রমের মানসিকতা ধরে রাখতে হবে,’ বলেন তিনি।

কোচ পরিবর্তনসহ মাঠের বাইরের নানা আলোচনা দলের প্রস্তুতিতে প্রভাব ফেলছে কি না, এমন প্রশ্নে অ্যাডাম বলেন, এসব বিষয় নিয়ে না ভেবে ফুটবলারদের এখন মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিতে হবে।

দুই দলের ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামলেই দেশের জন্য ভালো করার তাড়না কাজ করে। ‘বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা ও বড় প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস আমরা সবাই জানি। যখনই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামি, দেশের জন্য সেরাটা দেওয়ার অনুপ্রেরণা আপনাতেই চলে আসে। ম্যাচের আবহে ভেসে না গিয়ে মাঠের খেলায় মনোযোগী হতে হবে। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে আমরা সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি,’ বলেন অ্যাডাম।