স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ড সফরে একের পর এক বিতর্কে জড়াচ্ছে পাকিস্তান। এবার তৃতীয় ও শেষ টেস্টের আগে দলের কয়েকজন ক্রিকেটারের মুঠোফোন জব্দ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের সম্প্রচার ও প্রযোজনা প্রতিষ্ঠান ৩৬৫ নিউজের খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ফোনগুলো পিসিবির কাছেই থাকবে।
তবে কোন কোন ক্রিকেটারের ফোন নেওয়া হয়েছে, তা প্রকাশ করেনি পিসিবি। ফোনগুলো নিজেদের হেফাজতে নেওয়ার কারণও স্পষ্ট করেনি। ফলে এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
বিশেষ করে দলের সাম্প্রতিক অস্থিরতার মধ্যে ফোন জব্দের ঘটনা ম্যাচ পাতানো বা দুর্নীতিবিরোধী কোনো তদন্তের সঙ্গে যুক্ত কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানো, জুয়ারির সঙ্গে যোগাযোগ বা দুর্নীতির অভিযোগ ওঠেনি।
আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট জায়গায় মুঠোফোন ব্যবহারে আইসিসির কঠোর নিয়ম রয়েছে। তবে টেস্ট ম্যাচ চলাকালে ব্যক্তিগত ফোন বোর্ডের হেফাজতে রাখার ঘটনা একেবারেই ব্যতিক্রম ঘটনা।
দুর্নীতিবিরোধী তদন্ত হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফোনের কল ও ইন্টারনেটের তথ্য, বার্তা, হোয়াটসঅ্যাপের কথোপকথন, ছবি, ভিডিও, অডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক তথ্য চাইতে পারেন। প্রয়োজন হলে পাসওয়ার্ডও চাওয়া হতে পারে।
পাকিস্তানের এবারের ইংল্যান্ড সফর এমনিতেই অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রথম দুই টেস্টে হেরে সিরিজ খুইয়েছে তারা। লিডসে ইনিংস ও ১০৩ রানে এবং লর্ডসে ১৯৪ রানে হেরেছে পাকিস্তান।
এরপর প্রধান কোচ সরফরাজ আহমেদ, বোলিং কোচ উমর গুলসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দলে বড় পরিবর্তন আনা হয়েছে। তৃতীয় টেস্টে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।
এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্ট শুরু বুধবার (৯ সেপ্টেম্বর)। এর আগে ফোন জব্দের ঘটনায় পাকিস্তান দলে অস্বস্তি আরো বাড়ল।










































