Home আঞ্চলিক খুলনায় জব্দ ১৪৫ কেজি হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট

খুলনায় জব্দ ১৪৫ কেজি হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট

15


স্টাফ রিপোর্টার।।


সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযানের সময় খুলনার কয়রা থেকে উদ্ধার করা ১৪৫ কেজি হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। আদালতের নির্দেশনায় রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কয়রা উপজেলা আদালত চত্বরে মাংসগুলো বিনষ্ট করা হয়।

বন বিভাগ জানায়, সুন্দরবনের নলিয়ান ফরেস্ট রেঞ্জের রেঞ্জার আল আমিন ইসলামের নেতৃত্বে হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ বন বিভাগের একটি দল শনিবার বোতলখালী খাল এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৪৫ কেজি হরিণের মাংস, একটি ডিঙ্গি নৌকা এবং হরিণের মাথা ও পা জব্দ করা হয়।

পরে রবিবার বিকেল ৪টার দিকে উদ্ধার করা মাংস কয়রা উপজেলা আদালত চত্বরে নিয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

হড্ডা টহল ফাঁড়ির ওসি শাহাদাৎ হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নলিয়ান স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার আল আমিন ইসলাম বলেন, সুন্দরবনে বন্যপ্রাণী নিধন ও অবৈধ পাচার রোধে বন বিভাগ নিয়মিত অভিযান চালাচ্ছে। বনের সম্পদ রক্ষা ও চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে।