Home আঞ্চলিক খুলনা নগরীর ফুটপাতে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি : মাছের বরফে তৈরি...

খুলনা নগরীর ফুটপাতে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি : মাছের বরফে তৈরি হচ্ছে শরবত!

23


স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর ব্যস্ততম সড়ক ও মোড়গুলোর ফুটপাতে গড়ে উঠেছে অসংখ্য মুখরোচক খাবারের দোকান। ফুচকা, চটপটি, ফাস্টফুড থেকে শুরু করে বাহারি শরবত-কী নেই সেখানে! কিন্তু চটকদার এসব খাবারের চকচকে রূপের আড়ালে লুকিয়ে রয়েছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। খোলা ও নোংরা পরিবেশে তৈরি এসব খাবার ও পানীয় নগরবাসীকে নিয়ে যাচ্ছে এক মারাত্মক স্বাস্থ্যঝুঁকির দিকে। অথচ জনস্বাস্থ্যের ওপর এই চরম হুমকি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও তদারকির অভাব নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


নগরীর ডাকবাংলা, শিববাড়ী মোড়, রূপসা ট্রাফিক মোড়, শান্তিধাম মোড়, দৌলতপুর ও খালিশপুরের প্রধান সড়কের পাশে খোলা আকাশের নিচে তৈরি ও বিক্রি হচ্ছে ফুচকা, চটপটি ও বিভিন্ন ফাস্টফুড সামগ্রী। প্রতিনিয়ত যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়া ও ধুলোবালি এসে পড়ছে ওইসব খোলা খাবারে। সস ও ভাজা খাবার তৈরিতে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের এবং বারবার গরম করা পোড়া তেল। স্বাস্থ্যসম্মত পরিবেশ কিংবা ঢেকে রাখার কোনো বালাই নেই দোকানগুলোতে।


সবচেয়ে শঙ্কার বিষয় হলো এ দৃশ্য দেখা যায় বরফজল বা শরবতের দোকানগুলোতে। প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে পথচারীরা যে ঠান্ডা শরবত বা ফলের রস পান করছেন, তাতে ব্যবহার করা হচ্ছে মাছ সংরক্ষণে ব্যবহৃত বরফ। রূপসা বা কেসিসি পাইকারি মৎস্য বাজার থেকে আসা পচা মাছ ও ক্ষতিকর অণুজীবমিশ্রিত পানি দিয়ে তৈরি এই অপরিশোধিত শিল্প-বরফ গলিয়ে নির্দ্বিধায় মিশিয়ে দেওয়া হচ্ছে লেবু ও রুহাফজার শরবতে। সঙ্গে যুক্ত হচ্ছে ক্ষতিকর কৃত্রিম ফ্লেভার ও বস্ত্র শিল্পে ব্যবহৃত রাসায়নিক রং। এই বরফ মানবদেহের পরিপাকতন্ত্র ও কিডনির জন্য অত্যন্ত মারাত্মক।


খুলনার চিকিৎসকদের মতে, এসব অনিয়ন্ত্রিত ফুটপাথের ভেজাল ও নোংরা খাবার গ্রহণের ফলে নগরবাসী আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, গ্যাস্ট্রিক ও ফুড পয়জনিংয়ের মতো জটিল ব্যাধিতে। দীর্ঘমেয়াদে এই বিষাক্ত শরবত ও পোড়া তেল খাওয়ার ফলে কিডনি বিকল এবং লিভারের জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি শতগুণ বেড়ে যায়। বিশেষ করে কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা এর প্রধান শিকারে পরিণত হচ্ছে।


খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দের মতে, নগরবাসীকে সচেতন করার পাশাপাশি সিটি কর্পোরেশন ও সচেতনতামূলক সংস্থার পক্ষ থেকে নিয়মিত কোনো দৃশ্যমান অভিযান পরিচালনা করা হচ্ছে না।


খুলনা মেট্রোপলিটন এলাকাকে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের কবল থেকে রক্ষা করতে শুধু সচেতনতা নয়, প্রয়োজন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদাসীনতা ঝেড়ে ফেলে অনতিবিলম্বে কঠোর আইনি তদারকি জোরদার করতে হবে।


একই সাথে সাধারণ পথচারী ও নগরবাসীকেও নিজেদের স্বাস্থ্য রক্ষায় সচেতন হতে হবে। ক্ষণিকের জিহ্বার স্বাদ ও তৃষ্ণা মেটাতে গিয়ে ফুটপাতের এই বিষাক্ত খাবার ও বরফযুক্ত শরবত গ্রহণ থেকে বিরত থাকাই এখন সবচেয়ে জরুরি।