বিনোদন ডেস্ক ||
কানাডায় নির্মিত নতুন একটি বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন জায়েদ খান ও অধরা খান। এবার এই সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়িকা শিরিন শিলা। ‘ভায়োলেন্স’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন অভিনেতা কামাল হোসেন বাবর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কানাডার টরন্টোতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন—পরিচালক কামাল হোসেন বাবর, শিরিন শিলা, অধরা খান প্রমুখ।
নতুন সিনেমার জন্য দোয়া চেয়ে শিরিন শিলা বলেন, “আমি আজ নতুন একটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলাম। ‘ভায়োলেন্স’ শিরোনামের চলচ্চিত্রের শুভ মহরত হলো। সম্পূর্ণ চলচ্চিত্রটির শুটিং কানাডায় হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।”
গত কয়েক বছর ধরে কানাডায় বসবাস করছেন অভিনেতা-পরিচালক কামাল হোসেন বাবর। এর আগে সেখানে ‘ব্রোকেন ফ্যামিলি’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন এই পরিচালক।
জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন। অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খান স্টেজ শো, বিজ্ঞাপন ও আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন।
টিভি নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন শিরিন শিলা। এক যুগ আগে বড়পর্দায় পা রাখেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘হিটম্যান’। ২০১৪ সালে মুক্তি পায় এটি। এতে তার সহশিল্পী ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, জয় চৌধুরী। একই বছর মুক্তি পায় শিলার ‘ক্ষণিকের ভালোবাসা’ সিনেমা।
শিরিন শিলা অভিনীত সিনেমাগুলো হলো—‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘শেষ বাজি’, ‘বেগম জান’, ‘এক কোটি টাকা’, ‘ঘর ভাঙা সংসার’ প্রভৃতি। তাছাড়াও শিরিন শিলা অভিনীত বেশ কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।








































