Home আঞ্চলিক অ্যাপ হ্যাক করে বিকাশের অর্ধলক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র: রূপসা থানায়...

অ্যাপ হ্যাক করে বিকাশের অর্ধলক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র: রূপসা থানায় জিডি

14

রূপসা (খুলনা) প্রতিনিধি।।

মোবাইল ব্যাংকিং অ্যাপ হ্যাক করে কৌশলে পিনকোড ও অর্থ হাতিয়ে নেওয়ার এক অভিনব প্রতারণার শিকার হয়েছেন খুলনার রূপসা উপজেলার এক বাসিন্দা। ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে মুহূর্তের মধ্যেই ৪৮ হাজার ৪০০ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞাতনামা সাইবার অপরাধী চক্র। এ ঘটনায় ভুক্তভোগী আসাদ শেখ রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৯৫, তারিখ: ২১/০৮/২০২৬) রেজিস্টার করেছেন।

জিডি আবেদন ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট (২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪৯ মিনিটের দিকে রূপসা থানাধীন বাগমারা গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলেন আসাদ শেখ (৪৯)। এ সময় তাঁর ব্যবহৃত বিকাশ নম্বর (০১৭৬৬৩৩ND4) যুক্ত ফোনে হঠাৎ একটি নোটিফিকেশন ভেসে ওঠে, যেখানে লেখা ছিল— “আপনার বিকাশের পিনকোড দ্রুত পরিবর্তন করুন, আপনার মোবাইল হ্যাকিংয়ের চেষ্টা করা হচ্ছে।”

বার্তাটি দেখে আতঙ্কিত হয়ে আসাদ শেখ নোটিফিকেশনটি মুছে ফেলার জন্য স্ক্রিনে স্পর্শ করতেই তাঁর পুরো মোবাইল হ্যান্ডসেটটি হ্যাং হয়ে যায় এবং স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অ্যাপ ইনস্টল হতে শুরু করে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে ফোনটি বন্ধ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরবর্তীতে সিম কার্ড খুলে অন্য একটি হ্যান্ডসেটে প্রবেশ করিয়ে তিনি দেখতে পান, তাঁর বিকাশ অ্যাকাউন্টে থাকা ৪৮,৪৭৪ টাকার মধ্যে ৪৮,৪০০ টাকাই প্রতারক চক্র হ্যাক করে ০১৩৫২-৩৩০৮৯৩ নম্বরে সেন্ড মানি (TrxID: DHL4NNK0P8) করে নিয়ে গেছে।

অর্থ হাতিয়ে নেওয়ার পর উক্ত নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ভুক্তভোগী বিকাশ হেল্পলাইনে অভিযোগ জানান এবং আইনি প্রতিকার ও সুরক্ষার স্বার্থে রূপসা থানায় হাজির হয়ে লিখিত ডায়েরি জমা দেন।

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রযুক্তির সাহায্যে প্রতারক চক্রটিকে সনাক্তকরণের চেষ্টা চলছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিং ব্যবহারে অপরিচিত নোটিফিকেশন ও লিংকে ক্লিক না করার জন্য সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।