ঢাকা অফিস
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুমের মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার (২৩ আগস্ট) ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর পূর্বে, গেল ৯ আগস্ট ট্রাইব্যুনাল সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপির তৎকালীন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার গুম হন। নিখোঁজ হওয়ার আগে ইলিয়াস আলী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।










































