স্পোর্টস ডেস্ক।।
২০২৬ বিশ্বকাপে বিভিন্ন ঘটনার জেরে ফিফার দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রয়োজনে বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া সালিসি আদালত (সিএএস) পর্যন্ত নেওয়ার কথা ভাবছে তারা।
গত রাতে (২১ আগস্ট) এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, ফিফার সিদ্ধান্তগুলোর কারণ জানতে সংস্থাটির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করবে তাদের আইন বিভাগ। এরপর ফিফার আপিল কমিটির কাছে শাস্তির বিরুদ্ধে আবেদন করা হবে।
এএফএ বলেছে, ‘আমরা যে নোটিশগুলো পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে এবং অ্যাসোসিয়েশন ও এর খেলোয়াড়দের অধিকার রক্ষায়, এএফএর আইন বিভাগ যথাসময়ে ও যথাযথ পদ্ধতিতে পর্যালোচনাযোগ্য সিদ্ধান্তগুলোর কারণ জানতে ফিফার কাছে আবেদন করবে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে আপিল করার প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শেষ অবলম্বন হিসেবে ভবিষ্যতে ক্রীড়া সালিসি আদালতে যাওয়ার সম্ভাবনার পথও খোলা রাখা হচ্ছে।’
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সংঘর্ষসহ বিভিন্ন ঘটনার জেরে ফিফা লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ১ ম্যাচ নিষিদ্ধ করেছে। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও পেয়েছেন ৩ ম্যাচের নিষেধাজ্ঞা।
এ ছাড়া এএফএকে ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার (৩ কোটি ৯২ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। নিজেদের মাঠে পরবর্তী ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক রাখার নির্দেশও দেওয়া হয়েছে।










































