আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে বলে দাবি করেছে ইরান। শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি বলেন, নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে তেহরান ‘অসংখ্য বার্তা’ পেয়েছে।
গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র কেবল ইসরায়েলের স্বার্থে তার প্রতিটি মিত্রের স্বার্থ উপেক্ষা করেছে এবং দাদাগিরির মাধ্যমে তাদের নিরাপত্তাকে এমন ঝুঁকির মুখে ফেলেছে যে, দেশগুলো সাময়িকভাবে নিজেদের অস্তিত্ব নিয়েই শঙ্কিত হয়ে পড়েছিল।’
তিনি আরো বলেন, বাইরের শক্তির হস্তক্ষেপের বদলে একটি নিজস্ব ও স্বাধীন ব্যবস্থাই আসলে অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ইরান বরাবরই মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক উপস্থিতির বিরোধিতা করে আসছে এবং আঞ্চলিক দেশগুলোর সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিতের কথা বলছে।










































