কালিয়া (নড়াইল) প্রতিনিধি।।
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের পাইটকেলবাড়ী গ্রামে নবগঙ্গা নদীর তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠেছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১০টি চুল্লি। এলাকার কতিপয় প্রভাবশালী ও অসাধু চক্রের ছত্রছায়ায় প্রতিদিন দেদারছে সবুজ বৃক্ষ কেটে এসব চুল্লিতে পোড়ানো হচ্ছে। ফলে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত ও ঘন কালো ধোঁয়ায় একদিকে নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় বেলায়েত মেম্বার কোনো প্রকার আইনি অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বেপরোয়াভাবে এসব চুল্লি পরিচালনা করছেন। চুল্লিগুলো থেকে প্রতিনিয়ত ধোঁয়া ছড়ানোর কারণে আশপাশের বসতবাড়ি, সবজি খেত ও কৃষিজমির উৎপাদন চরম ব্যাহত হচ্ছে। ধোঁয়ার প্রকোপে বিশেষ করে শিশু, বয়োবৃদ্ধ ও শ্বাসকষ্টের রোগীরা মারাত্মক কষ্ট পাচ্ছেন।
অবৈধ চুল্লি পরিচালনার সত্যতা স্বীকার করে পরিচালক বেলায়েত মেম্বার নিজেই জানান, উপজেলা বা জেলা প্রশাসনের কোনো বৈধ অনুমতি তাঁর নেই। তবে স্থানীয় কয়েক প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে নিজের দায় এড়ানোর চেষ্টা করেন তিনি।
লোকালয়ে খোলা আকাশে বিষাক্ত ধোঁয়া ছড়ানোর শারীরিক প্রতিক্রিয়া সম্পর্কে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পার্থ প্রতিম বিশ্বাস জানান, এই ঘন ধোঁয়ার কারণে সুস্থ শিশুদের দীর্ঘমেয়াদি ফুসফুসের জটিলতা ও তীব্র অ্যালার্জি দেখা দিতে পারে। আর বয়োবৃদ্ধ ও যারা আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছেন, তাঁদের জন্য এই পরিবেশ মারাত্মক জীবনঘাতী।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে এসব অবৈধ চুল্লির বিরুদ্ধে কঠোর আইনি ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে।










































