স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর লবণচরা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে সংঘটিত চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার দুই সহযোগীকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শুক্রবার (২১ আগস্ট) র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-লবণচরার শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি (১৯), রাকিবুল ইসলাম রাকিব এবং সাগর আহম্মেদ।

র্যাব সূত্র জানায়, গোপালগঞ্জ জেলার সদর থানাধীন মাঝিগাতী বাজার এলাকায় প্রথম অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি সাইফি ও তার সহযোগী রাকিবকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোল্লাপাড়া এলাকায় ‘ফলোআপ’ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ নম্বর আসামি সাগর আহম্মেদকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির হাঁস-মুরগির খোপের কার্নিশে লুকানো অবস্থায় ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার, ১ রাউন্ড সীসা গুলি, ২টি চাপাতি ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।
উল্লেখ যে, গত ১৯ আগস্ট (বুধবার) খুলনা নগরীর লবণচরা এলাকার শিশুবাগান আশিবিঘা এলাকায় দুর্বৃত্তরা সন্ধ্যায় প্রথমে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করে। এর মাত্র তিন ঘণ্টার ব্যবধানে রাত পৌনে ১০টার দিকে একই এলাকায় নাজমুল (১৯) নামের আরেক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় লবণচরা থানায় মামলা রুজু হলে র্যাব ছায়া তদন্ত ও অভিযান শুরু করে।

র্যাব-৬ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় নতুন করে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হচ্ছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।










































